২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2017, 12:56 PM

Updated : 11 Oct 2022, 02:02 PM

শুক্রবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের প্রাথমিক ফলাফলে রুহানি যে ব্যবধানে এগিয়ে আছেন তাতে তার পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে ইরানের একটি সূত্র।

এতে প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থি ইব্রাহিম রায়িসিকে পরাজিত করে রুহানি দ্বিতীয়বারের মতো ইরানের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলী আসগর আহমেদিও নির্বাচন সম্পর্কে এ ধরনের মন্তব্য করেছেন বলে জানিয়েছে সূত্রটি।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেন, “ফলাফল পরিষ্কার হয়ে গেছে, রুহানি জয়ী হয়েছেন।”

ওই সূত্র জানিয়েছে, গণনা করা তিন কোটি ৭০ লাখ ভোটের মধ্যে রুহানি পেয়েছেন দুই কোটি ১৬ লাখ ভোট, অপরদিকে মূল প্রতিদ্বন্দ্বী রায়িসি পেয়েছেন এক কোটি ৪০ লাখ ভোট।

আরো ৪০ লাখ ভোট গণনা বাকী আছে বলে জানিয়েছে সূত্রটি।

অপরদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত সর্বশেষ ফলাফল অনুযায়ী, গণনা করা দুই কোটি ৫০ লাখ ভোটের মধ্যে রুহানি পেয়েছেন এক কোটি ৪৬ লাখ ১৯ হাজার ভোট এবং রায়িসি পেয়েছেন এক কোটি এক লাখ ২৫ হাজার ভোট।

নির্বাচনে মোট ৪ কোটির কিছু বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে সূত্রটি। এটি মোট ভোটার সংখ্যার ৭০ শতাংশ। দেশটির ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রায় একই রকম ভোট পড়েছিল।

ওই নির্বাচনে ব্যাপক জয় পেয়ে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মধ্যপন্থি প্রার্থী হাসান রুহানি। বর্তমানে ৬৮ বছর বয়সী রুহানি নাগরিকদের আরো বেশি স্বাধীনতা ও বিশ্বের কাছে ইরানকে উন্মুক্ত করার প্রতিশ্রুত দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রায়িসির প্রতি সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি সমর্থন জানানোয় অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন রুহানি। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সফল হয়েছেন বলেই মনে করা হচ্ছে।

ভোট গণনা শেষে শনিবারই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আহমেদি।