২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প রাশিয়াকে গোপন তথ্য দেননি: পুতিন

ওয়াশিংটনে গত সপ্তাহের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও গোপন তথ্য রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে দেননি বলে জানিয়েছেন রাশিয়ার প্রাসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একথা তিনি প্রমাণও করে দিতে পারবেন বলে দাবি করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2017, 10:13 PM

Updated : 11 Oct 2022, 02:01 PM

বিষয়টি নিশ্চিত করার জন্য পুতিন মার্কিন কংগ্রেসকে ওই বৈঠকের একটি রেকর্ড পাঠানোর প্রস্তাব দিয়েছেন।

সোচিতে এক সংবাদ সম্মেলনে সহাস্যে প্রেসিডেন্ট পুতিন বলেন, “আমি  আজ তার  (ল্যাভরভের) সঙ্গে কথা বলব।”

“তিনি আমাদের ওই গোপন তথ্য না জানানোয় আমি তাকে তীব্র ভৎসনা করতে বাধ্য হব। তিনি না আমাকে বলেছেন, না রাশিয়ার গোয়েন্দা সংস্থার কোনও প্রতিনিধিকে বলেছেন। তিনি খুব খারাপ করেছেন।”

তার পর হাসি-ঠাট্টা থেকে বেরিয়ে এসে গম্ভীর পুতিন বলেন, “যদি ট্রাম্প প্রশাসন বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন মনে করে তবে আমি বলছি,  কোনও গোপন নিরাপত্তা গোয়েন্দা তথ্য ভাগাভাগি হয়নি। এটি নিশ্চিত করতে রাশিয়া ল্যাভরভের সঙ্গে ট্রাম্পের বৈঠকের অনুলিপি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে পাঠাবে।”

তবে ট্রাম্প-ল্যাভরভ বৈঠকের কোনও অডিও তাদের হাতে নেই জানিয়ে  ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকোভ সাংবাদিকদের বলেন, মস্কোর কাছে বৈঠকের হাতে লেখা অনুলিপি  আছে।

যদিও রিপাবলিকান দলের একজন শীর্ষ নেতা বলেছেন, পুতিনের কাছ থেকে আসা কোনোও অনুলিপিতেই তার তেমন আস্থা নেই।

গত সপ্তাহে হোয়াইট হাউজের ওভাল অফিসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকও উপস্থিত ছিলেন।

ওই বৈঠকে  ট্রাম্প ইসলামিক স্টেট (আইএস) সম্পর্কিত অত্যন্ত গোপন তথ্য প্রকাশ করেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা।

সোমবার ওই দুই কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট এ খবর জানায়। তারপর থেকে  ট্রাম্পকে নিয়ে নতুন করে আবারও সমালোচনা ও বিতর্ক শুরু হয়।

ওই সমালোচনার জবাবে মঙ্গলবার ভোরের দিকে এক টুইটে প্রেসিডেন্ট হিসাবে রাশিয়াকে তথ্য দেওয়ার ‘পূর্ণ অধিকার’ আছে বলে দাবি করেন ট্রাম্প।

 ট্রাম্পের টুইট,  “হোয়াইট হাউজে পূর্ব নির্ধারিত একটি উন্মুক্ত বৈঠকে প্রেসিডেন্ট হিসেবে আমি রাশিয়ার সঙ্গে তথ্য ভাগাভাগি করতে চেয়েছিলাম, এর পূর্ণ অধিকার আমার আছে। বিশেষ করে, সন্ত্রাস এবং বিমান পরিবহনের নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে।”

“মানবিক কারণে, সেইসঙ্গে আমি চাই রাশিয়া আইএস ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের যুদ্ধে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করুক।”

নির্বাচনী প্রচারের সময় থেকেই ট্রাম্প-রাশিয়া সম্পর্ক নিয়ে নানা কথা হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটা অপ্রত্যাশিতভাবে ট্রাম্প জয়লাভ করার পর নির্বাচনে  রাশিয়ার অবৈধ হস্তক্ষেপের অভিযোগ তোলে এফবিআই।

ট্রাম্পকে জেতাতে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে এফবিআই তদন্তও শুরু করে।

এর মধ্যেই গত ৯ মে হুট করে এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেন ট্রাম্প। হিলারি ক্লিনটনের ইমেইল কাণ্ড নিয়ে ‘ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ’ হয়েছেন এই অভিযোগে কোমিকে বরখাস্ত করা হলেও ডেমোক্রেটসহ কয়েকজন রিপাবলিকান নেতারও ধারণা,ট্রাম্পের নির্বাচনকালীন প্রচারশিবিরের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য আঁতাত নিয়ে আরও বিস্তারিত তদন্ত করতে চাওয়ার কারণেই চাকরি খোয়াতে হয়েছে কোমিকে।

কোমিকে বরখাস্ত করার পর থেকেই ট্রাম্পকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। তার মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের খবর ওই ঝড় আরও তীব্র করেছে।

সর্বশেষ বোমাটি ফাটিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

কোমির লেখা একটি মেমো দেখেছেন, এমন এক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার পত্রিকাটি একটি প্রতিবেদন প্রকাশ করে।

ওই প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সঙ্গে রাশিয়ার যোগাযোগ নিয়ে এফবিআই-র তদন্ত বন্ধ করতে কোমিকে অনুরোধ করেছিলেন ট্রাম্প।

গত বছর যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেল কিসলিয়াকের সঙ্গে বৈঠক করেছিলেন ফ্লিন। তখন ট্রাম্পের প্রচারণা শিবিরের অন্যতম শীর্ষ কর্মকর্তা ছিলেন তিনি।

 ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ফ্লিন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তার আলোচনার বিষয়ের ব্যাপ্তি নিয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন এমন অভিযোগ তুলে গত ১৪ ফেব্রুয়ারি ফ্লিনকে বরখাস্ত করেন ট্রাম্প।

নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, তারপর ওভাল দপ্তরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কোমি। এই সাক্ষাতের পরই কোমি আলোচিত মেমোটি লিখেছিলেন।   

ওই সূত্রের দাবি; মেমোটিতে ট্রাম্প কোমিকে বলেছিলেন, “আশা করি আপনি এই বিষয়টি ছেড়ে দিতে পারবেন।”