শহরগুলোর পরিবেশের জন্য ‘গাছের মতো ঝোপঝাড়ও’ দরকার
শহরের উঁচু ভবনগুলোর ভিতরের দুষিত বায়ু শুষে নিতে গাছের চেয়ে চারপাশে গুল্মের বেড়াই বেশি উপকারী বলে জানিয়েছেন গবেষকরা।
বিবিসির খবরে বলা হয়, অ্যাটমোস্ফেরিক এনভায়রনমেন্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা পত্রে তারা জানিয়েছেন, গাছেরা মূলত খোলামেলা জায়গায়তেই দুষণ শোষণে বেশি পারদর্শী।
কিন্তু গুল্মের বেড়া বাতাসের বিষকে এক্সস্ট পাইপের মুখের কাছ থেকেই আটকে ফেলতে পারে, এতে শহরের বাসিন্দাদের ক্ষতিকর দূষিত কণার সরাসরি সংস্পর্শের পরিমাণ হ্রাস পায়।
এই অনুসন্ধানের প্রধান গবেষক অধ্যাপক প্রশান্ত কুমার বলেছেন, ফুটপাত যথেষ্ট প্রশস্ত থাকলে সিটি কর্পোরেশনগুলো ফুটপাত ও সড়কের মাঝে নিচু ঝোঁপের বেড়া লাগানোর চেষ্টা করতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের গবেষণারত কুমার ও তার সহকর্মীরা দুষণ মোকাবিলায় সবচেয়ে কার্যকর উদ্ভিদ ও তাদের সবচেয়ে সন্তোষজনক উচ্চতা নির্ধারণ নিয়ে গবেষণা করছেন।
গবেষকরা বলেছেন, বিশ্বব্যাপী লোকজন শহরাঞ্চলে জমা হতে থাকায় যত বেশি সম্ভব গাছ লাগানো উচিত, কারণ গাছ বাতাসকে নির্মল করে।
এক্ষেত্রে এতদিন গাছের পাশাপাশি ঝোঁপের গুরুত্বকে খাটো করে দেখা হয়েছে বলে জানিয়েছেন তারা। কিন্তু গাছ ও ঝোপের সম্মিলনেই দুষণ মোকাবিলার সবচেয়ে আদর্শ পরিবেশ তৈরি হতে পারে বলে মনে করছেন তারা।
