যুক্তরাষ্ট্র-কুর্দি মিত্রতা মেনে নেবে না তুরস্ক: এরদোয়ান
সিরিয়ায় লড়াইরত কুর্দি বাহিনীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্রতা কখনোই মেনে নেবেন না বলে ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়্পি এরদোয়ান।
মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এ ইঙ্গিত দেন তিনি, জানিয়েছে বিবিসি।
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, “ভবিষ্যতে আমাদের অঞ্চলে সন্ত্রাসী সংগঠনগুলোর কোনো জায়গা হবে না।”
সিরিয়ায় লড়াইরত কুর্দিদের ওয়াইপিজি বেসামরিক বাহিনীকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি। চলতি মাসের প্রথমদিকে ওয়াইপিজিকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এই বৈপরীত্য সত্বেও দুই নেতা যুক্তরাষ্ট্র ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সিরিয়ায় মার্কিন মদতপুষ্ট বিদ্রোহী জোট সিরিয়ান ডেমক্রেটিক ফোর্সের অন্যতম প্রধান অংশীদার কুদি ওয়াইপিজি বাহিনী। রয়টার্স
এর কিছুক্ষণ পর এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, “নেটো মিত্র তুরস্কের নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বিষয়টি পুনরুল্লেখ করেছেন ট্রাম্প এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এক সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।”
কুর্দি পিপলস প্রটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তুরস্ক। সিরিয়ার আরো এলাকার নিয়ন্ত্রণ নেওয়া থেকে বাহিনীটিকে বিরত রাখতে চায় দেশটি।
এরদোয়ান বলেন, “ওই অঞ্চলে ওয়াইপিজি-পিওয়াইডিকে অংশীদার হিসেবে বিবেচনা করা পুরোপুরি অগ্রহণযোগ্য, এটি আমরা যে বৈশ্বিক চুক্তিতে পৌঁছেছি তার সঙ্গে সাংঘর্ষিক।”
তুরস্কের দাবি, তুরস্কের দক্ষিণ-পূর্বঞ্চলীয় এলাকাগুলোর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সম্প্রসারিত অংশ ওয়াইপিজি।
কিন্তু যুক্তরাষ্ট্র ওয়াইপিজিকে পৃথক একটি বাহিনী বলে মনে করে এবং সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে।
