২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়াকে তথ্য দেওয়ার ‘পূর্ণ অধিকার’ আছে: ট্রাম্প

প্রেসিডেন্ট হিসাবে রাশিয়াকে তথ্য দেওয়ার ‘পূর্ণ অধিকার’ আছে, নিজের কাজের ব্যাখ্যা এভাবেই দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 09:10 PM

Updated : 11 Oct 2022, 02:01 PM

গত সপ্তাহে হোয়াইট হাউজের ওভাল দপ্তরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট  ট্রাম্প ইসলামিক স্টেট (আইএস) সম্পর্কিত অত্যন্ত গোপন তথ্য প্রকাশ করেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা। সোমবার ওই দুই কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট এ খবর জানায়।

এরপর থেকে ট্রাম্পকে নিয়ে নতুন করে আবারও সমালোচনা ও বিতর্ক শুরু হয়।

মঙ্গলবার দিনের শুরুর দিকে যার জবাবে ট্রাম্পের টুইট,  তিনি ‘সন্ত্রাসবাদ ও বিমান পরিবহনের নিরাপত্তা’ নিয়ে তথ্য ভাগাভাগি করেছেন। রাশিয়া ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক সেটিই চেয়েছিলেন তিনি।

“হোয়াইট হাউজে পূর্ব নির্ধারিত একটি উন্মুক্ত বৈঠকে প্রেসিডেন্ট হিসেবে আমি রাশিয়ার সঙ্গে তথ্য ভাগাভাগি করতে চেয়েছিলাম, এর পূর্ণ অধিকার আমার আছে। বিশেষ করে, সন্ত্রাস এবং বিমান পরিবহনের নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে।”

“মানবিক কারণে, সেইসঙ্গে আমি চাই রাশিয়া আইএস ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের যুদ্ধে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করুক।”

ট্রাম্প-ল্যাভরভ ওই বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকও উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানান, ল্যাভরভের সঙ্গে বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের এক মিত্রদেশের পাঠানো যে গোয়েন্দা তথ্য প্রকাশ করেছেন সেটি প্রকাশের অনুমতি ওই মিত্রদেশ ট্রাম্পকে দেয়নি।

ওই দুই কর্মকর্তার মধ্যে একজন জানান, ল্যাভরভের সঙ্গে বৈঠকে ট্রাম্প যে গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করেন তা ‘অত্যন্ত গোপনীয়’  ছিল এবং তা একটি নিরাপদ ‘প্রকোষ্ঠে’ রাখা ছিল যেখানে শুধু হাতেগোনা কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার প্রবেশের অনুমতি আছে।

কথা বলতে বলতে ট্রাম্প স্বতঃস্ফূর্তভাবে গোয়েন্দা তথ্যগুলো প্রকাশ করে ফেলেন বলে জানান আরেক কর্মকর্তা। এর পরপরই অন্যান্য শীর্ষ কর্মকর্তারা কি হয়েছে তা জানানোর জন্য তাৎক্ষণিকভাবে সিআইএ ও জাতীয় নিরাপত্তা সংস্থাকে ডেকে পাঠায়।

এই দুই সংস্থা বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদানের বিষয়ে চুক্তিবদ্ধ আছে।

ইচ্ছা করলে রাষ্ট্রের সবচেয়ে গোপনীয় তথ্য প্রকাশ করার কর্তৃত্বও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আছে, কিন্তু এই ক্ষেত্রে যে মিত্রদেশ তথ্যগুলো দিয়েছে তাদের সঙ্গে পরামর্শ ছাড়া ট্রাম্প এগুলো প্রকাশ করতে পারেন না, কারণ তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রদেশগুলোর দীর্ঘদিন ধরে চলা গোয়েন্দা তথ্য ভাগাভাগি করার যে চুক্তি আছে তা ঝুঁকিতে পড়বে বলে জানান ওই দুই কর্মকর্তা।