২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধারণার চেয়েও দ্রুত এগুচ্ছে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রকল্প’

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রকল্পের অগ্রগতি বিশেষজ্ঞদের ধারণার চেয়েও দ্রুত হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 May 2017, 07:30 PM

Updated : 11 Apr 2022, 11:35 PM

উত্তর কোরিয়ার ‘নতুন ধরনের’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাদেরকে সব পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরই দক্ষিণের প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কু ওই কথা বলেন।

পার্লামেন্টে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কু বলেন, উত্তর কোরিয়ার রোববারের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘সফল’ হয়েছে। তিনি বলেন, “সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি আইআরবিএম (ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালেস্টিক মিসাইল) ছিল বলেই ধারণা করা হচ্ছে, যেটার সক্ষমতা মুসুদান ক্ষেপণাস্ত্রের তুলনায় বাড়ানো হয়েছে।”

নতুন ধরনের ক্ষেপণাস্ত্রটি তিন হাজার থেকে চার হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে সক্ষম বলে ধারণা বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা অর্জনের জন্য পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রকল্প উন্নয়নের কাজ করে যাচ্ছে উত্তর কোরিয়া।

নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পিয়ংইয়ংকে সবধরনের উসকানিমূলক আচরণ এখনই বন্ধ করতে বলেছে এবং পুনরায় উত্তর কোরিয়া বিষয়ে তাদের ‘ধৈর্যধারণ নীতির অবসান’ হওয়ার হুমকি দিয়েছে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রকল্পের উন্নয়ন কাজ দক্ষিণ কোরিয়ার ধারণার চেয়েও দ্রুতগতিতে এগুচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কু বলেন, “হ্যাঁ”।

নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার স্বার্থে নিজেদের বৈধ অধিকার করে বলে বর্ণনা করেছেন উত্তর কোরিয়ার কূটনীতিক জু ইয়ং চোই।

মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ সম্মেলনে তিনি বলেন, “ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা বরং উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব এবং সম্মানের মারাত্মক লঙ্ঘন।”

“যুক্তরাষ্ট্র যতদিন উত্তর কোরিয়ার প্রতি তাদের প্রতিকূল নীতি অব্যাহত রাখবে এবং পারমাণবিক হামলার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে যাবে, ততদিন উত্তর কোরিয়া তাদের আত্মরক্ষার ক্ষমতা বাড়াতে কাজ করে যাবে।”

রোববার উৎক্ষেপণ করা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার পূর্ব সীমান্তের কাছে সাগরে গিয়ে পড়ে।

কেসিএনএ জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তায় যেন বিঘ্ন না ঘটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময় তার প্রতি লক্ষ্য রাখা হয়েছিল, তাই ক্ষেপণাস্ত্রটি সবচেয়ে বড় অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়েছে; এটি উপরের দিকে দুই হাজার ১১১ দশমিক ৫ কিলোমিটার পর্যন্ত উঠে ৭৮৭ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি যে উচ্চতায় পৌঁছেছিল তাতে বোঝা যায় এটি ‍উঁচুতেই ছোড়া হয়েছিল, এতে এর গমনপথ সংক্ষিপ্ত হয়। কিন্তু প্রচলিত গমনপথ অনুসরণ করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হলে এটি অন্তত ৪,০০০ কিলোমিটার (২,৫০০ মাইল) পথ অতিক্রম করত।

পুরনো খবর:

‘যেকোনও সময়’ ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি উত্তর কোরিয়ার