ভারতের সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরমের বাড়িতে তল্লাশি
বিদেশি বিনিয়োগ অনুমোদনে দুর্নীতি করা হয়েছে এমন সন্দেহের ভিত্তিতে ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম ও তার ছেলে কার্তি চিদাম্বরমের চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) ।
সোমবার পুলিশের কাছে দায়ের করা এক মামলায় কার্তির নাম আসার পর মঙ্গলবার সকালে তাদের বাড়িসহ ১৪টি স্থানে তল্লাশি চালিয়েছে ভারতের শীর্ষ তদন্তকারী সংস্থাটি, জানিয়েছে এনডিটিভি।
তার বাবা ভারতের অর্থমন্ত্রী থাকার সময় কার্তি প্রভাব খাটিয়ে ওই বিনিয়োগ অনুমোদন পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ সিবিআইয়ের।
কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকারের সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরম ও তার দল কংগ্রেস জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করেছে।
অভিযোগে বলা হয়, ২০০৭ সালে সাবেক গণমাধ্যম ব্যবসায়ী পিটার মুখোপাধ্যায় ও তার স্ত্রী ইন্দ্রানী মুখোপাধ্যায়ের মালিকানাধীন কোম্পানি আইএনএক্স মিডিয়ার পক্ষে ওই বিদেশি বিনিয়োগ অনুমোদনের ছাড়পত্র দেওয়া হয়।
সিবিআইয়ের সূত্রগুলো জানিয়েছে, আইএনএক্সের জন্য ওই বিদেশি বিনিয়োগ অনুমোদনের ছাড়পত্রের ব্যবস্থা করে দেয়ার বিনিময়ে কার্তি চিদাম্বরমের কোম্পানি ১০ লাখ রুপি পায় বলে অভিযোগ উঠেছে, এই অভিযোগের বিষয়েই তদন্ত করছে তারা।
ভারতের সাবেক মিডিয়া টাইকুন পিটার মুখোপাধ্যায় ও তার স্ত্রী ইন্দ্রানী মুখোপাধ্যায়। ছবি: এনডিটিভি
তারা জানান, চাঞ্চল্যকর শীনা বোরা খুনের ঘটনা তদন্ত করতে গিয়ে মুখোপাধ্যায়দের অর্থিক লেনদেন খতিয়ে দেখার সময় আইএনএক্স মিডিয়ার লেনদেন সম্পর্কে কিছু তথ্য পান তারা। ২০১২ সালে ইন্দ্রানী মুখোপাধ্যায়ের কন্য শীনা খুন হন। ওই খুনে জড়িত থাকার অভিযোগ শীনার মা ইন্দ্রানী ও পিটার এখন কারাগারে আছেন।
আর্থিক কেলেঙ্কারির এ মামলায় চিদাম্বরমের নাম না থাকলেও তার ভূমিকার বিবরণ আছে।
মামলার বিবরণে বলা হয়েছে, প্রথমে এফআইপিবি ওই বিনিয়োগের ছাড়পত্র দেয়নি কিন্তু ‘শঠতা ও প্রতারণায় পূর্ণ ওই প্রস্তাবটি বিশেষভাবে বিবেচনা করে তা অনুমোদন করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী’।
বর্তমানে ৭১ বছর বয়সী চিদাম্বরম দুই মেয়াদে ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ২০১৪ সালের নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হওয়ার আগে এক দশক ধরে ভারতের ক্ষমতায় ছিল জোটটি।
