২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির কাছে ফের দুই নৃশংস ধর্ষণকাণ্ডে স্তব্ধ ভারত

দিল্লির সেই নির্ভয়া ধর্ষণকাণ্ডের মতই এক সপ্তাহের ব্যবধানে ফের নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের দু’টি ঘটনা গোটা ভারতকে স্তব্ধ করে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 08:57 PM

Updated : 11 Apr 2022, 11:35 PM

প্রথম ঘটনায় ধর্ষণের পর ২৩ বছর বয়সী এক তরুণীকে নিষ্ঠুর কায়দায় হত্যা করা হয়।

পুলিশের বরাত ‍দিয়ে বিবিসি জানায়, গত সপ্তাহে হরিয়ানা রাজ্যের রোহতাক জেলায় ওই তরুণীকে ধর্ষণের পর তার মাথা ও মুখ ইট দিয়ে থেঁতলে চেহারা বিকৃত করে দেওয়া হয়। যাতে কেউ তাকে চিনতে না পারে।

এরপর ধর্ষণকারীরা মৃতদেহের উপর দিয়ে কয়েকবার গাড়ি চালিয়ে দিয়ে সেটিকে আরও বিকৃত করে এবং একটি মাঠে ফেলে দিয়ে যায়।

গত বৃহস্পতিবার এক দল কুকুর মৃতদেহ নিয়ে টানটানি করার সময় স্থানীয়রা সেটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ময়নাতদন্তে ধর্ষণের শিকার হওয়ার আলামত পাওয়া গেছে। এছাড়া মৃতদেহের পেটে মাদকজাতীয় দ্রব্য পাওয়া যায়। তার মাথার খুলি ভাঙা ছিল বলে জানায় পুলিশ।

এনডিটিভি জানায়, নিহত তরুণীর মা ওই দিনই আট জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পরদিন তাদের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের মহাপরিচালক অশ্বিন শেনভি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি অপরাধ স্বীকার করেছে এবং ঘটনার বর্ণনা দিয়েছে।

তাদের বরাত দিয়ে তিনি বলেন, “রোহতাক উপকণ্ঠে শনিপাত এলাকায় নিহত তরুণীর বাড়ির কাছ থেকেই ওই ব্যক্তিরা তাকে একটি গাড়িতে করে নিয়ে যায়। তাদের অন্তত একজনকে ওই তরুণী চিনত। পরে ওই তরুণীকে মাদক বা ঘুমের ওষুধ জাতীয় কিছু প্রয়োগ করে ধর্ষণ করা হয়।”

“তরুণী এ বিষয়ে পুলিশের কাছে যাওয়ার হুমকি দিলে তার মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়।”

এনডিটিভি’র খবরে বলা হয়, একমাস আগে নিহত তরুণীর মা পুলিশের কাছে হত্যা মামলায় অভিযুক্তদের একজনের বিরুদ্ধে তার মেয়েকে বিয়ের জন্য চাপ দেওয়ার অভিযোগ করেছিলেন।

শনিপাত পুলিশ জানায়, নিহত তরুণীর সঙ্গে অভিযুক্ত সুমিতের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু নিহত তরুণী তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় সে প্রতিশোধ নিতে চেয়েছিল।”

ওদিকে, শনিবার রাতে রাজধানী দিল্লির গুরগাঁওয়ে ২২ বছরের আরেক তরুণীকে চলন্ত গাড়িতে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গুরগাঁওয়ের জেলা পুলিশ কমিশনার সুমিত কুমার বলেন, ওই তরুণীকে অপহরণের পর চলন্ত গাড়িতে ধর্ষণ করা হয়।

“এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আমরা বেশকিছু প্রমাণ হাতে পেয়েছে। যেগুলো এই মুহূর্তে গণমাধ্যমে প্রকাশ করা সম্ভব না।