গর্ভপাতের অনুমতি চায় ভারতে ধর্ষিত শিশুর পরিবার
ভারতে ধর্ষণের শিকার ১০ বছরের একটি শিশু গর্ভধারণের পর তার গর্ভপাতের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন একদল চিকিৎসক।
বিবিসি জানায়, হরিয়ানা রাজ্যের রোহতাক শহরের বাসিন্দা ওই শিশুটিকে তার সৎবাবা বেশ কয়েকবার ধর্ষণ করে। ধর্ষণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রোহতাক পুলিশ জানিয়েছে, শিশুটি প্রায় ছয়মাসের গর্ভবতী। ভারতের আইন অনুযায়ী, গর্ভধারণের ২০ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ। তবে গর্ভধারণের কারণে যদি নারীর মৃত্যুঝুঁকি দেখা দেয় এবং চিকিৎসক যদি এই মর্মে সনদ দেন, সেক্ষেত্রে আইন শিথিল হবে।
ভারতীয় সমাজ ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য খুব বেশি। সেখানে মেয়ে সন্তানের তুলনায় ছেলে সন্তান অধিক কাম্য। যে কারণে দেশটিতে গর্ভেই কন্যাভ্রূণ হত্যার হার অনেক বেশি।
এই প্রবণতার বিরুদ্ধে লড়াই করতে দেশটিতে গর্ভপাত আইন বেশ কঠোর।
বিবিসি জানায়, গত কয়েকমাসে ভারতের সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা হয়েছে। সেগুলোতে কয়েকজন নারী ধর্ষণের শিকার হওয়ার পর গর্ভধারণ করেছেন এবং ২০ সপ্তাহ পেরিয়ে গেলেও গর্ভপাতের অনুমতি চেয়েছেন।
সুপ্রিম কোর্ট থেকে এ ধরনের মামলাগুলো সবসময়ই চিকিৎসা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়। রোহতাকের এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের কাছে গর্ভপাতের অনুমতি দেওয়ার অনুরোধ করা হয়েছে।
শিশুটির মা একজন গৃহকর্মী। মেয়ে গর্ভবতী এমন সন্দেহে গত সপ্তাহে তিনি মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শিশুটি ছয় মাসের গর্ভবতী।
গণমাধ্যমে খবরটি প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে।
শিশুটির মা যখন কাজ করতে যায় তখন সে বাড়িতেই থাকত এবং সেই সুযোগে তার সৎবাবা তাকে নিয়মিত ধর্ষণ করত। শিশুটিই তার মাকে এ ঘটনা জানায়।
ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে হুমকিও দিয়েছিল ওই ব্যক্তি।
রোহতাক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা পঙ্কজ নাইন বিবিসি’কে বলেন, শিশুটির মা পুলিশের কাছে অভিযোগ করার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
“পূর্ণ তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।”
