উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘নতুন ধরনের’
‘বড় ধরনের ভারী পারমাণবিক ওয়ারহেড’ বহনের সক্ষমতা যাচাই করতে নতুনভাবে তৈরি একটি মধ্য থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।
রোববার নেতা কিম জং উনের তত্ত্বাবধানে ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয় বলে সোমবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।
যেসব দেশের ‘পারমাণবিক অস্ত্র নেই’ তাদের ‘ভয় দেখানোর’ জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন কিম। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড উত্তর কোরিয়ার ‘হামলার আওতায় আছে’ জানিয়ে এই বাস্তবতাকে অস্বীকার না করতে ওয়াশিংটনকে সতর্ক করে দেন উত্তর কোরীয় নেতা।
রোববার উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার পূর্ব সীমান্তের কাছে সাগরে গিয়ে পড়ে।
উত্তর কোরীয় নেতা কিম জং উনের তত্ত্বাবধানে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়। রয়টার্স
বিশেষজ্ঞরা জানিয়েছেন, রোববার পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটি যে উচ্চতায় পৌঁছেছিল তাতে বোঝা যায় এটি উঁচুতেই ছোড়া হয়েছিল, এতে এর গমনপথ সংক্ষিপ্ত হয়। কিন্তু প্রচলিত গমনপথ অনুসরণ করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হলে এটি অন্তত ৪,০০০ কিলোমিটার (২,৫০০ মাইল) পথ অতিক্রম করতো।
দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জায়ে ইন বুধবার দায়িত্ব গ্রহণের পর উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শুরু করার প্রতিশ্রুতি দেন। তার কয়েকদিনের মধ্যেই উত্তর কোরিয়া নতুন আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল। এই ঘটনাটি দক্ষিণ কোরিয়ার জন্য একটি বার্তা বলে মন্তব্য করেছে ওয়াশিংটন।
