২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় ‘তেল চুরি করতে গিয়ে’ প্রাণ গেল ৪ জনের

মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশে পাইপলাইন থেকে তেল চুরির চেষ্টার সময় অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2017, 01:30 PM

Updated : 11 Apr 2022, 11:34 PM

এল ম্যাঙ্গ শহরে শনিবার রাতে ওই দুর্ঘটনার পর দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি পেমেক্সের পাইপলাইনটি দিয়ে তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পেমেক্স কর্তৃপক্ষ জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। পাইপলাইনের কাছে পড়ে থাকা একটি পোড়া গাড়ির পাশে চারজনের মৃতদেহ পাওয়া গেছে।

নিহতদের কেউ তাদের কর্মী নয় বলে বিশ্বাস পেমেক্স কর্তৃপক্ষের।

ওই পাইপলাইন দিয়ে পেমেক্সের মিনাটিটলান তেল শোধনাগার থেকে প্রতিদিন ৭৩ হাজার ব্যারেল গ্যাস ও ডিজেল রাজধানী মেক্সিকো সিটিতে পাঠানো হয়।

মাত্র এক সপ্তাহ আগে পুয়েবলা প্রদেশে নিরাপত্তারক্ষী ও তেল চোরদের মধ্যে সংঘর্ষে চার সেনা ও ছয় তেল চোর নিহত হয়।

তেল উৎপাদনকারী দেশ মেক্সিকোর জন্য তেল চোরদের দল মাথাব্যাথার বড় একটি কারণ হয়ে উঠেছে।

দলবদ্ধ এই চোরদের প্রতিহত করতে মেক্সিকোর সেনারা অভিযান চালাচ্ছে।

পেমেক্স জানায়, চোরেরা প্রতিদিন তাদের পাইপলাইনগুলো থেকে রেকর্ড ২৭ হাজার ব্যারেল গ্যাস ও ডিজেল চুরি করে নিয়ে যাচ্ছে।