‘যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া আলোচনা সম্ভব’
‘যথাযথ পরিবেশ পেলে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ‘রাজি আছে’ উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্রের সাবেক সরকারি কর্মকর্তাদের সঙ্গে নরওয়েতে এক বৈঠকে উত্তর কোরিয়ার একজন জ্যেষ্ঠ কূটনীতিক এ কথা বলেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কয়েকটি গণমাধ্যম।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিষয়ক কর্মকর্তা চোয়ে সন-হুই বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়টি বিবেচনা করা হবে।
নরওয়ের রাজধানী অসলো থেকে ফেরার পথে চোয়ে বেইজিংয়ে যাত্রা বিরতি করেন। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অতীতে ছয় বিশ্বশক্তি ও জাতিসংঘের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক আলোচনায় যুক্ত ছিলেন তিনি।
বিবিসির কোরিয়া প্রতিনিধি জানান, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র প্রকল্পের কাজ বন্ধ বা হ্রাস করার বিষয়ে অন্তত আলোচনা করতে রাজি হবে।
যাবতীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র উন্নয়ন কাজ অব্যাহত রাখা এবং নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব দিতে কোরীয় উপদ্বীপে একটি নৌ-স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
ওই গ্রুপে একটি বিমানবাহী রণতরী এবং একটি সাবমেরিনও রয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার নৌ-বাহিনীও যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ-মহড়া করেছে।
এই নিয়ে কোরীয় উপদ্বীপে গত কয়েক মাস ধরে টান টান উত্তেজনা বিরাজ করছে।
যদিও মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করে বলেন, কিমের সঙ্গে দেখা হলে তিনি ‘সম্মানিত বোধ’ করবেন।
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জায়ে-ইনও শপথ গ্রহণের পর অবিলম্বে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি সামাল দেওয়াসহ উত্তর কোরিয়া সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
