২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিয়েই উত্তরে যেতে ইচ্ছুক দ. কোরিয়ার প্রেসিডেন্ট

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েই অবিলম্বে উত্তর কোরিয়া পরিস্থিতি সামাল দেওয়াসহ সেখানে সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মুন জায়ে-ইন। তার আমলে সিউলের উত্তর কোরিয়া নীতি আমূল বদলে যাবে বলেই ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 03:16 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

শপথের পর প্রথম ভাষণে মুন বলেছেন, সঠিক পরিস্থিতিতে তিনি উত্তর কোরিয়া সফরে যেতে ইচ্ছুক। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক এবং অর্থনীতির বিষয়টিও তুলে ধরার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

উদ্বোধনী ভাষণে মুন বলেছেন, কোরিয়া উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় যা কিছু করা সম্ভব তা তিনি করবেন। তিনি বলেন, “দরকার পড়লে আমি এক্ষুনি ওয়াশিংটনে যাব। সঠিক পরিস্থিতিতে আমি বেইজিং এবং টোকিও এমনকি পিয়ংইয়ংয়েও যাব।”

পদত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রেসিডেন্ট পার্ক জেয়ুন হাই এর  উত্তর কোরিয়া নীতির বিপরীত নীতিই নিতে চাইছেন মুন জায়ে-ইন। ক্ষমতায় থাকাকালে উত্তর কোরিয়ার সঙ্গে প্রায় সব সম্পর্ক ছিন্ন করেছিলেন পার্ক।

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি বাকযুদ্ধ হয়েছে। পিয়ংইয়ংও কোনওকিছুর তোয়াক্কা না করে বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। কোরিয়া উপদ্বীপে এ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মুনের নেতৃত্বের ওপর এখন নজর সবারই।

মুন উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ বাড়ালে বর্তমান দক্ষিণ কোরীয় নীতি বদলে যাবে।  মুন উত্তর কোরিয়ার সঙ্গে বৃহত্তর সংলাপের পক্ষে কথা বলার পাশাপাশি দেশটির ওপর চাপ প্রয়োগ করে যাওয়া এবং নিষেধাজ্ঞা বহাল রাখার কথাও বলেছেন। উত্তর কোরিয়ার অস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধে ব্যর্থতার জন্য আগের দুটো রক্ষণশীল প্রশাসনের সমালোচনাও করেছেন তিনি।

উত্তর কোরিয়া এর আগে মুনকে তাদের পছন্দের প্রার্থী বললেও তার জয়ে এখন পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া জানায়নি।  তবে দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ মিত্র দেশ যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছে।