২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদে উত্তর কোরিয়ার বিরল চিঠি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি বিরল চিঠি পাঠিয়ে নতুন কঠোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 May 2017, 09:29 PM

Updated : 25 Jul 2022, 08:58 PM

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, চিঠিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত কঠোর নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি কেবল আরও বেগবানই হবে।

উত্তর কোরিয়ায় সম্প্রতি সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির নতুন করে চালু হওয়া পররাষ্ট্র বিষয়ক কমিটি এ প্রতিবাদ জানিয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ কেবলমাত্র নিন্দাবাদেই নিমগ্ন। এর ভয়াবহ পরিণতি তাদেরকে ভোগ করতে হবে।

পররাষ্ট্র বিষয়ক কমিটি চিঠিতে আরও বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের উচিত বিষয়টি নিয়ে দু’বার ভেবে দেখা। উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা চিঠিটির একটি কপি প্রকাশ করেছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কোরিয়া উপদ্বীপে উত্তেজনার মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদ এ মাসে দেশটির ওপর নিষেধাজ্ঞা কঠোর করার একটি আইন অনুমোদন করেছে। উত্তর কোরিয়ার জাহাজ শিল্পসহ দেশটির সঙ্গে বাণিজ্যে নিয়োজিত বিভিন্ন কোম্পানির ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য উত্তর কোরিয়ার তহবিল সহায়তা বন্ধের জন্য দেশটিতে অর্থ সরবরাহ বন্ধ করা এবং মানবাধিকারের অপব্যবহার বন্ধে চাপ প্রয়োগের ইচ্ছা নিয়ে যুক্তরাষ্ট্র আইনটি অনুমোদন করেছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রবিষয়ক কমিটি বলেছে, এ উদ্যোগ ব্যর্থ হবে। 

কমিটি আরও বলেছে, “যুক্তরাষ্ট্র এরকম আরও যত বৈরি আইন চালু করতে থাকবে উত্তর কোরিয়া ততই অকল্পনীয়ভাবে নবদ্যোমে পারমাণবিক শক্তিকে বলীয়ান হয়ে ওঠার চেষ্টা নেবে।”