সিরীয় কুর্দিদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, হুমকি মনে করছে তুরস্ক
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধরত কুর্দি বাহিনীকে অস্ত্রের যোগান দেওয়ার যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে তা তুরস্কের জন্য ‘হুমকি’ বলে মনে করছে তুর্কি সরকার।
কুর্দি ওয়াইপিজি মিলিশিয়ারা সিরিয়ার রাক্কা থেকে আইএসকে হটাতে যুদ্ধ করছে। রাক্কা পুনরুদ্ধারের এই লড়াইয়ে সহযোগিতার জন্য অস্ত্র সরবরাহের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, তুরস্ক সরকার সিরিয়ার ওয়াইপিজিকে তাদের দেশের নিষিদ্ধ সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) বর্ধিতাংশ মনে করে।
১৯৮৪ সাল থেকে দেশের দক্ষিণপূর্বাঞ্চলে পিকেকে যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে তুরস্কের সেনাবাহিনী।
টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, অতীতে ওয়াইপিজির জন্য সরবরাহ করা অস্ত্র পিকেকের হাতে পড়েছে।
“পিকেকে এবং ওয়াইপিজি উভয়ই সন্ত্রাসীদের সংগঠন। নাম আলাদা হলেও তারা আসলে একই।”
“তাদের কাছে থাকা প্রতিটি অস্ত্র তুরস্কের জন্য হুমকি।”
যদিও সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসর বিরুদ্ধে লড়াইয়ে ওয়াইপিজিকে নিজেদের অংশীদার মনে করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, সিরিয়ায় আইএসর সবচেয়ে শক্ত ঘাঁটি রাক্কা পুনরুদ্ধার করতে কুর্দি বাহিনীকে অস্ত্র সরবরাহ করা প্রয়োজন।
ওয়াইপিজির পক্ষ থেকে বলা হয়, ওয়াশিংটনের এই সিদ্ধান্ত দ্রুত যুদ্ধ শেষ করতে সহায়ক হবে।
“এই সিদ্ধান্ত সন্ত্রাসের বিরুদ্ধে ওয়াইপিজি যোদ্ধাদের যুদ্ধকে আরও শক্তিশালী, আরও প্রেরণাদায়ী এবং আরও প্রভাবশালী করে তুলবে।”
পেন্টাগনের পক্ষ থেকে মঙ্গলবার বলা হয়, তারা তুরস্কের উদ্বেগের বিষয়ে সচেতন আছেন। “নেটো ভূক্ত দেশ তুরস্ক সিরিয়া ও ইরাকে আইএসর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন জুগিয়েছে।”
আইএসর বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের ইনকিরলিক বিমানঘাঁটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের সঙ্গে প্রথমবার বৈঠক করতে ১৬ মে দুই দিনের সফরে ওয়াশিংটন যাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ান।
ট্রাম্পের অস্ত্র সরবরাহের সিদ্ধান্তের বিষয়ে এখনও কোনো মন্তব্য না করলেও এরদোয়ান সবসময়ই ওয়াইপিজিকে যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করেছেন।
তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুরেতিন কানিকলি বলেন, যুক্তরাষ্ট্রের পুনরায় তাদের সিদ্ধান্তটি পর্যালোচনা করা উচিত।
স্থানীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আশা করছি, যুক্তরাষ্ট্রের প্রশাসন এই ভুলের ইতি টানবে এবং এটা থেকে সরে আসবে।”
“এ ধরনের কৌশল লাভজনক হবে না। আপনি সন্ত্রাসীদের সংগঠনের সঙ্গে একই পক্ষে থাকতে পারেন না।”
তবে ওয়াইপিজিকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্তের প্রতিবাদে এরদোয়ানের ওয়াশিংটন সফর বাতিল করার কোনো সম্ভাবনা নেই বলেও নিশ্চিত করেন কানিকলি।
