‘স্ত্রীর চেয়ে আমি ২০ বছরের বড় হলে কেউ এমন ভাবত না’
২৪ বছরের বড় স্ত্রীকে ভালোবাসতে পারেন না বলে অনেকের মধ্যে যে ধারণা জন্মেছে তার জন্য নারী বিদ্বেষকে দুষছেন ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।
ফ্রান্সের একটি পত্রিকাকে তিনি বলেছেন,তার স্ত্রী যদি তার চেয়ে বয়সে ছোট হত তাহলে তাদের সম্পর্ক নিয়ে কেউ প্রশ্ন তুলত না।
মাক্রোঁ বলেন, “আমি যদি আমার স্ত্রীর চেয়ে ২০ বছরের বড় হতাম তাহলে কেউ এক সেকেন্ডের জন্যও ভাবত না যে আমি (অন্তরঙ্গ পার্টনার) হতে পারি না।
“এটা হচ্ছে কারণ সে আমার চেয়ে ২০ বছরের বড়। তাই অনেক মানুষ বলছে, এটা (সম্পর্ক) স্থায়ী হতে পারে না, এটা সম্ভব হতে পারে না।”
নারী বিদ্বেষ এবং সমাজ সম্পর্কে মানুষের ‘গতানুগতিক’ ভাবনা থেকে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে উদ্বেগের কথা আসছে বলে মন্তব্য করেন তিনি।
ব্রিজিত বলেন, ২৪ বছরের ছোট মাক্রোঁর বুদ্ধিমত্তায় ধীরে ধীরে তার প্রতি দুর্বল হন
মাক্রোঁর বয়স যখন ১৫ বছর সে সময় প্রাইভেট স্কুলের বিবাহিত শিক্ষক ব্রিজিতের সঙ্গে তার প্রথম পরিচয়। মাক্রোঁর বয়সী এক মেয়ে ছিল ব্রিজিতের। এক ক্লাসেই পড়ত তারা।
২০০৭ সালে যখন তাদের বিয়ে হয় সে সময় মাক্রোঁ ৩০ ছুইছুই, আর ব্রিজিতের বয়স ৫৪।
মাক্রোঁর আত্মজীবনীমূলক নতুন এক গ্রন্থে বলা হয়েছে, কিশোর ছেলের বিবাহিত স্কুলশিক্ষকের সঙ্গে প্রেমের খবরে কষ্ট পেয়েছিলেন তার বাবা-মা।
প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফ ভোটে কট্টর ডানপন্থি মারিন লো পেনকে হারানো মাক্রোঁকে তার বিরুদ্ধে সমকামের প্রচারেরও জবাব দিতে হয়েছে বলে ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।
নির্বাচনী প্রচারে মাক্রোঁর সঙ্গে ব্রিজিত, ছবিটি গত ১২ এপ্রিলের
যারা এসব গুজবকে গুরুত্ব দিয়েছে তারা বাস্তববুদ্ধি হারিয়েছে এবং তাদের সমকাম নিয়ে বড় ধরনের সমস্যা রয়েছে বলে মন্তব্য করেন মাক্রোঁ।
তিনি বলেন, সমাজে নারীকে যেভাবে দেখা হয় তাতে বড় ধরনের সমস্যা রয়েছে।
তাকে নিয়ে গুজবের কারণে কাছের লোকের কষ্ট পাওয়া এবং রাজনীতি এখনও ততটা ‘সভ্য’ না হওয়ার দুঃখ প্রকাশ করেন তিনি।
