যে পাঁচ কারণে ফ্রান্সের নির্বাচনে জয়ী মাক্রোঁ
কয়বছর আগেও অচেনা ইমানুয়েল মাক্রোঁ আজ ফ্রান্সের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট। ফরাসি রাজনীতিতে ঝড় তুলে নির্বাচিত মাক্রোঁর জয়লাভের কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে বিবিসি।
ফ্রান্সের প্রধান দুই রাজনৈতিক দল বামপন্থি সমাজতান্ত্রিক ও মধ্যডানপন্থি রিপাবলিকান দলের প্রর্থীকে হারিয়ে এবং রান অফে কট্টর ডানপন্থি প্রার্থীর চাইতে অনেক বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাক্রোঁ।
সাবেক ব্যাংকার মাক্রোঁ (৩৯) রেঁনেসা যুগ পরবর্তী ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট।
মাক্রোঁ ভাগ্যবান
ভাগ্যদেবী মাক্রোঁ উপর প্রসন্ন ছিল সে বিষয়ে কোনও সন্দেহ নেই বলে মনে করেন প্যারিসের রাজনৈতিক বিশ্লেষক মাহকো-লিভিয়ে পাদি।
প্রাথমিকভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন মধ্যডানপন্থি রিপাবলিকান প্রার্থী ফ্রাঁসোয়া ফিয়োঁ।
কিন্তু নির্বাচনের মাত্র মাস দুয়েক আগে তার স্ত্রীর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এবং তা নিয়ে তদন্ত শুরু হওয়ায় বেকায়দায় পড়ে যান সাবেক প্রধানমন্ত্রী ফিয়োঁ।
ফিয়োঁর স্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী স্বামীর প্রভাব খাটিয়ে পার্লামেন্টারি অ্যাসিস্টেন্স হিসেবে কাজ না করেই বেতন তোলার অভিযোগ উঠেছে।
পাদিস বলেন, “তিনি (মাক্রোঁ) খুবই ভাগ্যবান, তিনি এমন একটি পরিস্থিতিতে লড়াই করেছেন যা ফ্রান্সের রাজনীতিতে পুরোপুরি অপ্রত্যাশিত।”
মাক্রোঁ কৌশলীও
তবে ভাগ্যই সব ছিল না। মাক্রোঁ নিজেও গুরুত্বপূর্ণ সময়ে খুব কৌশলে সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি চাইলে সমাজতান্ত্রিক পার্টি থেকেও প্রার্থী হতে পারতেন। কিন্তু গত কয়েক বছর ধরে ক্ষমতায় থাকা দলটির জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে।
বিশ্লেষক পাদি বলেন, “তিনি বুঝতে পেরেছিলেন, যখন কাউকে দিয়েই কাজ হচ্ছে না তখন (নতুনরা) সুযোগ পাবে।”
তাছাড়া, মাক্রোঁ যখন রাজনীতিতে প্রবেশ করেন তখন ইউরোপের দেশগুলোতে রাজনীতিতে আমূল পরিবর্তনের হাওয়া লেগেছে।
২০১৬ সালের এপ্রিলে ‘এগিয়ে যাও’ নামে একটি আন্দোলনের সূচনা করে ফ্রান্সের জনগণকে পরিবর্তনের স্বপ্ন দেখাতে শুরু করেন মাক্রোঁ।
ওই আন্দোলন শুরুর মাত্র মাত্র চার মাস পর প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ অলন্দ সরকারের মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ান তিনি।
ফ্রান্সে নতুন কিছু করার চেষ্টা
‘এন মার্স’ (এগিয়ে যাও) আন্দোলনের মাধ্যমে একেবারে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছাকাছি গিয়ে দেশের রাজনীতি সম্পর্কে তাদের মতামত জানেন মাক্রোঁ।
প্যারিস ভিত্তিক এক সাংবাদিক বলেন, “তিনি তার স্বেচ্ছাসেবক দলকে দেশজুড়ে প্রায় তিন লাখ পরিবারের দরজায় পাঠান।”
“পরবর্তিতে নির্বাচনী প্রচারের কৌশল ঠিক করতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ইতিবাচক বার্তা
প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ অলন্দের কাছে পৃষ্ঠপোষকতা পাওয়া ‘নবাগত’ মাক্রোঁ ব্যাংকার থেকে অলন্দ সরকারের অর্থমন্ত্রী বনে যান।
নিজের আন্দোলন চালিয়ে নিতে ক্ষমতাশালী ওই পদ থেকে সরে দাঁড়ান মাক্রোঁ।
রান অফ প্রতিদ্বন্দ্বী মারিঁয়ে লো পেন তার গায়ে অলন্দের মতো অভিজাতদের নেতা তকমা লাগানোর চেষ্টা করেন।
কিন্তু মাক্রোঁ খুবই সফলভাবে নিজের গায়ে আরেকজন অলন্দের তকমা লাগতে দেননি। বরং দেশবাসীকে সফলভাবে নতুন কিছু আগমনের স্বপ্ন দেখান তিনি।
বিশ্লেষক পাদি বলেন, “ফ্রান্সের জনগণ সব ধরনের হতাশাকে মুছে ফেলে সামনে এগিয়ে যেতে চাইছে এবং তিনি খুবই আশাবাদী ও ইতিবাচক বার্তা নিয়ে তাদের সামনে উপস্থিত হন।”
“তিনি তরুণ, প্রাণোচ্ছ্বল। প্রেসিডেন্ট হলে ফ্রান্সের জন্য কি কি করবেন, সেই ব্যাখ্যায় তিনি কখনওই যাননি। বরং তিনি বলেছেন, কি করলে জনগণ আরও অনেক বেশি সুযোগ পাবে। একমাত্র তিনিই এ ধরনের বার্তা দিয়েছেন।”
নেতিবাচক লো পেনের বিরুদ্ধে আশাবাদী মাক্রোঁ
রানঅফে অভিবাসন বিরোধী, ইইউ বিরোধী এবং বর্তমান সমাজব্যবস্থা বিরোধী কট্টোর ডানপন্থি লো পেনের নেতিবাচক বার্তার বিপরীতে মাক্রোঁ জনগণের সামনে খুবই আশাবাদী ব্যক্তি ছিলেন।
সাংবাদিকদের ভাষ্য, মাক্রোঁর নির্বাচনী সামবেশগুলো উজ্জ্বল আলোয় আলোকিত ছিল। পপ গানের তালে তালে যা উৎসবস্থলে পরিণত হত।
কিন্তু লো পেনের সমাবেশ ঘিরে চলতো বিক্ষোভ, পানির বোতল আর পটকা ছোড়াছুড়ি। কঠোর পুলিশ প্রহরা, অন্ধকারে ডুবে থাকা দর্শকসারি এবং ‘আগ্রাসী স্রোতের চোরা টান’।
“অথচ গত বছরও মতামত জরিপে সবচেয়ে এগিয়ে ছিলেন লো পেনই। যিনি দুই সপ্তাহে পরপর দুইবার মাক্রোঁর কাছে হেরে যান।”
