২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত ৮২ চিবোক বালিকাকে ফেরত পেল নাইজেরিয়া

নিজেদের কারাবন্দি সদস্যদের বিনিময়ে তিন বছর আগে নাইজেরিয়ার চিবোক শহর থেকে অপহরণ করা দুইশরও বেশি বালিকার মধ্যে ৮২ জনকে মুক্তি দিয়েছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 May 2017, 12:37 PM

Updated : 25 Jul 2022, 08:58 PM

শনিবার নিজেদের টুইটার একাউন্টে দেওয়া এক বিবৃতিতে একথা জানিয়েছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়। 

‘দীর্ঘ আলোচনার’ মাধ্যমে এই ৮২ বালিকাকে ফেরত পেতে সুইজারল্যান্ড ও রেডক্রস সহায়তা করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।  

রোববার নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি রাজধানী আবুজায় ওই বালিকাদের স্বাগত জানাবেন বলে এতে বলা হয়েছে।

এই বালিকাদের বিনিময়ে বোকো হারামের কতোজন বন্দিকে ছাড়া হয়েছে বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি, জানানোও হয়নি বিস্তারিত আর কিছুও।

নাইজেরীয় সামরিক বাহিনীর এক সূত্র জানিয়েছে, মেডিকেল চেকআপের জন্য মুক্ত বালিকাদের এখন ক্যামেরুন সীমান্তবর্তী বানকিতে রাখা হয়েছে, পরে তাদের হেলিকপ্টারে করে বোর্নো রাজ্যের প্রধান শহর মাইদুগুরিতে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আবুজায় নিয়ে যাওয়া হবে।

২০১৪ সালের এপ্রিলের এক রাতে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় চিবোক শহরের একটি স্কুলে হামলা চালিয়ে প্রায় ২২০ জন ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বোকো হারাম জঙ্গিরা। গত বছরের অক্টোবরে রেডক্রসের মধ্যস্থতায় করা এক চুক্তির মাধ্যমে ২০ জনেরও বেশি বালিকাকে মুক্তি দেয় জঙ্গিগোষ্ঠীটি।

বন্দি অন্যান্য বালিকাদের মধ্যে বেশ কয়েকজন পালিয়ে আসে এবং নিরাপত্তা বাহিনী কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়।

আরো প্রায় ১৯৫ জন জঙ্গিগোষ্ঠীটির হাতে বন্দি ছিল বলে ধারণা করা হচ্ছিল, তাদের মধ্য থেকেই এই ৮২ জনকে মুক্তি দেওয়া হয়েছে। 

অবশিষ্ট বন্দি বালিকাদের মুক্ত করার জন্য নাইজেরীয় সরকার জঙ্গিগোষ্ঠীটির সঙ্গে আলোচনা করছে বলে গত মাসে জানিয়েছিলেন প্রেসিডেন্ট বুহারি।