ফ্রান্সে হাড্ডিসার মডেল নিষিদ্ধ
ফ্রান্সে হাড্ডিসার মডেল নিষিদ্ধে করা আইন কার্যকর হয়েছে।
এখন থেকে মডেলদের শারীরিক সুস্থতা, বিশেষ করে তাদের বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) বিষয়ে চিকিৎসকের কাছ থেকে সনদ নিতে হবে।
বিএমআই অর্থাৎ শারীরিক উচ্চতার সঙ্গে মানানসই স্বাস্থ্যকর ওজন।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, খাবারে অনীহা এবং সৌন্দর্যের দুর্ভেদ্য সংজ্ঞার বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশে তারা এই আইন করেছে।
হাড্ডিসার মডেল নিষিদ্ধের প্রস্তাব দিয়ে করা বিলে শুরুতে মডেলদের জন্য বিএমআই এর নূন্যতম একটি মাত্রা নির্ধারণ করে দেওয়া ছিল। যা নিয়ে ফ্রান্সের মডেলিং এজেন্সিগুলো বিক্ষোভ শুরু করে।
পরে বিলের চূড়ান্ত সংস্করণে বলা হয়, ওজন, বয়স ও শারীরিক মাপ অনুযায়ী একজন মডেল অস্বাস্থ্যকর রকম কৃশকায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন একজন চিকিৎসক।
২০১৫ সালের ডিসেম্বরে ফরাসি আইনপ্রণেতারা ওই বিলে অনুমোদন দেয়।
এই আইন লঙ্ঘন করে মডেল নিয়োগ দিলে ৭৫ হাজার ইউরো জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
ফ্রান্সের সামাজিক সম্পর্ক এবং স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী বলেন, “এর মাধ্যমে তরুণদের সামনে দৈহিক গড়নের অবাস্তব একটি মানদণ্ড তুলে ধরা হয়। যাতে প্রভাবিত হয়ে তরুণরা হয় নিজেকে অবজ্ঞা করে অথবা অকারণ অহংকারী হয়ে উঠে। যা তাদের স্বাস্থ্য সম্পর্কিত আচরণে প্রভাব বিস্তার করে।”
তবে ফ্রান্সই প্রথম দেশ নয় যেখানে এ ধরণের একটি আইন হলো। ইতালি, স্পেন ও ইসরায়েলে একই ধরনের আইন কার্যকর আছে।
ফ্রান্সে ৩০ থেকে ৪০ হাজার মানুষ অ্যানোরেক্সিয়া (খেতে না চাওয়া) সমস্যায় ভোগে। এদের মধ্যে ৯০ ভাগই নারী।
