আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ
আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তে সেনারা গুলি বিনিময় করেছে। এ ঘটনার পর চমন সীমান্ত পারাপার এলাকা সিল করে দিয়েছে পাকিস্তান।
পাকিস্তান বলেছে, আফগান সীমান্ত পুলিশ সেনাদের ওপর গুলি চালায়। সেনারা একটি শুমারি দলের পাহারায় ছিল।
চমন এলাকার সরকারি হাসপাতালের প্রধান বিবিসি কে বলেন, গোলাগুলিতে ৬ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে।
সীমান্ত এলাকার লুকমান এবং জাহাঙ্গির গ্রামে এ সংঘর্ষ হয়েছে।
দুপক্ষে এরকম বড় ধরনের সীমান্ত সংঘর্ষ বিরল। যদিও দু’দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। তারা একে অপরের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা সামাল দিতে ব্যর্থতার অভিযোগ করে আসছে।
