গোপন ব্যাংক একাউন্ট থাকার অভিযোগের বিরুদ্ধে মাক্রোঁর মামলা
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে প্রথম সারির প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোঁ ক্যারিবীয় দ্বীপে তার গোপন ব্যাংক একাউন্ট থাকা নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে মামলা করেছেন।
এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন প্যারিসের কৌঁসুলিরা।
রোববার ফ্রান্সে দ্বিতীয় দফা ভোটের আগে প্রতিপক্ষ কট্টর ডানপন্থি প্রার্থী লো পেনের সঙ্গে উত্তপ্ত টিভি বিতর্কের পর মধ্যপন্থি ও ইইউ-পন্থি প্রার্থী ম্যাক্রোঁর এ পদক্ষেপ নেওয়ার খবর এল। ওই টিভি বিতর্কে ম্যাক্রোঁর গোপন ব্যাংক একাউন্ট থাকার ইঙ্গিত দিয়েছেন লো পেন।
এর প্রতিক্রিয়ায় ম্যাক্রো এর মধ্য দিয়ে তার ‘মানহানি করা হচ্ছে’ এবং লো পেন তার বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার মাক্রোর এক সহযোগী বলেছেন, “যে কেউ বারবার মিথ্যা কথা বললে আমরা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে দ্বিধা করব না।”
প্যারিস থেকে বিবিসি’র সংবাদাতা বলছেন, বিষয়টি নিয়ে কৌসুলিঁদের তদন্ত থেকেই একটি বিষয় পরিষ্কার যে, কেউ বারবার একই অভিযোগ করলে তাকে আদালতে তোলা হতে পারে।
গোপন ব্যাংক একাউন্ট থাকার অভিযোগ ডানপন্থি বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। বৃহস্পতিবার ফরাসি বেতারে এক বক্তব্যে ম্যাক্রোঁ এ সমস্ত অভিযোগকে ‘ভুয়া’ এবং ‘মিথ্যা’ আখ্যা দিয়েছেন। অভিযোগ ছড়ানো কয়েকটি সাইট রাশিয়ার স্বার্থেও কাজ করছে বলে মন্তব্য করেন ম্যাক্রোঁ।
