নারী-পুরুষে সমতা চান মধ্যপ্রাচ্যের এক-চতুর্থাংশ পুরুষ
আরব এলাকাগুলোর অন্তত এক-চতুর্থাংশ পুরুষ কিছু বিষয়ে নারী-পুরুষের সমতার পক্ষে মত দিয়েছেন।
কিন্তু বাকী অধিকাংশ পুরুষ মনে করেন, প্রাথমিক ভূমিকা রাখার ক্ষেত্রে একজন নারীর ঘরকেই প্রাধান্য দেওয়া উচিত।
সম্প্রতি এক জরিপে এমন চিত্র ফুটে উঠেছে বলে জানিয়েছে বিবিসি।
মিশর, লেবানন, মরক্বো ও ফিলিস্তিনি অঞ্চলগুলোতে নেওয়া পুরুষদের সাক্ষাৎকারে দেখা গেছে, তরুণরা তাদের বয়স্ক পিতাদের মতোই রক্ষণশীল।
তবে এসব অঞ্চলের পুরুষরা জানিয়েছেন, বাড়ির সবকিছুর যোগানদাতা হিসেবে তারা ‘অতিরিক্ত চাপের মুখে’ আছেন। বিশেষকরে যুদ্ধ কবলিত এলাকাগুলোতে বিষয়টি সত্যি বলে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে।
এসব এলাকার ২০ থেকে ৫০ বছর বয়সী ১০ হাজার পুরুষের ওপর করা জরিপে অধিকাংশ জানিয়েছেন, কর্মহীনতা ও অর্থের অভাবে নিজ পরিবারের মুখোমুখি হতে লজ্জা পান তারা।
দ্য ইন্টারন্যাশনাল মেন এন্ড জেন্ডার ইক্যুয়ালিটি স্টাডি ইন দ্য মিডল ইস্ট এন্ড নর্থ আফ্রিকা-র (আইএমএজিইএস এমইএনএ) এই জরিপে দেখা গেছে, এসব এলাকার অধিকাংশ পুরুষ (কোনো কোনো এলাকায় ৯০ শতাংশ) তাদের স্ত্রীদের স্বাধীনতা নিয়ন্ত্রণ করার প্রত্যাশা রাখেন। এসবের মধ্যে স্ত্রীরা কী কাপড় পরবেন তা থেকে শুরু করে তাদের যৌনজীবনও অন্তর্ভূক্ত।
মাত্র অর্ধেক বা তারও কিছু কম পুরুষ মনে করেন, বিবাহিত নারীদেরও পুরুষদের মতো কাজ করার সমান অধিকার আছে। তবে সব জায়গার অধিকাংশ পুরুষই আশা করেন, তাদের স্ত্রীদের ঊর্ধ্বতন কর্মকর্তাও তাদের মতো নারী হবে।
দেখা গেছে, পুরুষরা কর্মজীবী নারীদের তখনই মেনে নিতে প্রস্তুত আছেন যখন তিনি সংসারের প্রধান উপার্জনকারী হিসেবে আছেন এবং তার স্ত্রী ঘরের দায়দায়িত্বকেই প্রাধান্য দিচ্ছেন।
১৮ থেকে ৫৯ বছর বয়সী চার হাজার ৮৩০ জন পুরুষের মধ্যে করা এক জরিপে দেখা গেছে, এদের মধ্যে এক-চতুর্থাংশ বা তারও কিছু বেশি পুরুষ কিছু ক্ষেত্রে লিঙ্গ সমতার প্রতি সমর্থন জানিয়েছেন।
