উ. কোরিয়া: জাতিসংঘের পদক্ষেপ আরো কঠোর হওয়ার সম্ভাবনা
উপর্যুপরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ নিতে পারে।
সম্ভাব্য কঠোর পদক্ষেপের ধরন নিয়ে এখন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে আলোচনা করছে।
উত্তর কোরিয়ার ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপের আগে নিষেধাজ্ঞার ধরন নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দেনদরবার করা একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। নিরাপত্তা পরিষদের এই দুই স্থায়ী সদস্য দেশের আলোচনার ফলাফলই নির্ধারণ করে পিয়ংইয়ংয়ের ওপর কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে।
জাতিসংঘের কূটনীতিকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এখন ওই আলোচনাই চলছে। পরিষদের বাকী সদস্য দেশগুলো এর বাইরে রয়েছে। তারা পরে এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে।
কূটনীতিকরা জানিয়েছেন, সাধারণত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ একটি বিবৃতি দিয়ে নিন্দা জানিয়ে থাকে। কিন্তু এবার তার চেয়ে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এ পর্যন্ত উত্তর কোরিয়ার পাঁচটি পারমাণবিক বোমার পরীক্ষা ও দুটি দীর্ঘপাল্লার রকেট উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্তা পরিষদ। ২০০৬ সালে প্রথমবারের মতো পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
উত্তর কোরিয়া গত বছর পরীক্ষামূলকভাবে দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে। রয়টার্স
উত্তর কোরিয়া গত বছর থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের সংখ্যা বাড়িয়ে দেয়। তারপর থেকে দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী বহু ধরনের রকেটে উৎক্ষেপণ করেছে দেশটি। গত শুক্রবারও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা করেছে দেশটি, তবে সেটি ব্যর্থ হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরার জন্য দেশটির প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র চীনের ওপর চাপ সৃষ্টি করছে। পিয়ংইয়ং তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের প্রচেষ্টা থেকে সরে না আসলে দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।
কিন্তু চীন বলছে, সামরিক হুমকি পরিস্থিতিকে আরো ঘোলা করে তুলবে। কোরীয় উপদ্বীপে উত্তেজনা সৃষ্টিতে ইন্ধন দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে চীন।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থাড মোতয়েনেরও বিরোধীতা করেছে চীন এবং তাৎক্ষণিকভাবে থাডের সব কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে।
