উপর থেকে ঘাড়ে পড়ল ৮৫ কেজির বাছুর!
সকালে বাজার থেকে শশা কিনছিলেন ভারতের কলকাতার বাসিন্দা আব্দুল মান্নান। মাথা নুইয়ে শশা বাছাইয়ের সময় হঠাৎ করেই তার ঘাড়ের উপর পড়ে ৮৫ কেজি ওজনের একটি বাছুর!
ঘটনাস্থলেই ছয়মাসের বাছুরটির মারা যায়। মাথা, পাঁজর ও পায়ে মারাত্মক আঘাত পান মান্নান।
টাইসম অব ইন্ডিয়ার খবরে বলা হয়, রোববার তিলজালার মসজিদ বাড়ি লেনে স্থানীয় সময় সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাছুরটিকে বাজারের পাশের চারতলা একটি ভবনের ছাদে বেঁধে রাখা হয়েছিল। বাছুরটি দড়ি ছিঁড়ে তিন ফুট উঁচু ছাদের প্রাচীর টপকে নিচে লাফিয়ে পড়ে।
আর পড়বি তো পড় একেবারে মান্নানের ঘাড়ে।
মান্নানকে প্রথমে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বাদাম-বুট বিক্রেতা মান্নান ঘটনার বর্ণনায় বলেন, “আমি মাথা নিচু করে শশা বাছাই করছিলাম। হঠাৎ করে ভারী কিছু আমার উপর পড়ে। আমি মাটিতে পড়ে যাই এবং বুঝতে পারি এটা একটি গরু। এরপরই আমি জ্ঞান হারাই।”
মান্নানের শরীরের নানা জায়গায় ১৮টি সেলাই দিতে হয়েছে বলে জানান তার স্ত্রী সীমা বেগম।
