ভারতে গোরক্ষা: জনতার পিটুনিতে আরও ২ জন নিহত
জবাই করার জন্য গরু চুরির চেষ্টা করছিল অভিযোগ তুলে ভারতের আসামে উত্তেজিত জনতা মুসলিম দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার আসামের নাগাওঁ জেলায় ওই হামলায় নিহত দুই ব্যক্তির নাম আবু হানিফা ও রিয়াজুদ্দিন আলি।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “মাঠ থেকে গরু চুরির চেষ্টা করছিল অভিযোগ তুলে গ্রামবাসী দুই ব্যক্তিকে ধাওয়া করে এবং লাঠি দিয়ে পেটায়।”
“এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাতে তারা মারা যায়।”
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
হিন্দু অধ্যুষিত ভারতের অধিকাংশ রাজ্যে গোহত্যা নিষিদ্ধ।
গত কয়েকমাসে গরুর মাংস খাওয়া এবং গরুর পরিবহনের সময় জনতার, যাদের অনেকে নিজেদের গোরক্ষা কমিটির সদস্য বলে দাবি করে, পিটুনিতে কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
গত সপ্তাহে প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্টে বলা হয়, ২০১৫ সালের মে মাস থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জন মুসলিম ব্যক্তিকে গোরক্ষার নামে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করেছে।
রিপোর্টে আরও বলা হয়, ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর থেকে দেশটির মুসলিম ও দলিত সম্প্রদায়ের উপর হামলার ঘটনা অনেক বেড়ে গেছে।
ওই সব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই মাংসের জন্য গরু বিক্রি, পরিবহন এবং হত্যার অভিযোগ তুলে লোকজন হামলা চালায়।
যদিও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোরক্ষার নামে এই হামলার সমালোচনা করেছেন এবং বলেছেন, হামলা চালানো ওই সব লোকজন তাকে ‘ক্ষুব্ধ’ করেছে।
এরপরও গবাদী পশু ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর হামলা থামছে না।
