যুক্তরাষ্ট্রে টর্নেডোয় ১৩ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে টেক্সাস, মিসৌরি, আরকান’স, টেনেসি এবং মিসিসিপিতে অন্তত ১৩ জন নিহত হয়েছে।
এর মধ্যে টেক্সাসে ডালাসের পূর্বাঞ্চলে শিল্পশহর কানটনে ঘূর্ণিঝড়ে অন্তত চারজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছে। কানটনের অগ্নিনির্বাপন বিভাগ প্রাথমিক খবরে ৫ জন নিহত হওয়ার কথা জানালেও পরে কান্টনের মেয়র নিহতের সংখ্যা চারজন বলে জানান।
জরুরি উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের আঘাতে কনটন শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড়ের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) ‘সুনির্দিষ্ট ভয়ঙ্কর পরিস্থিতির’ সতর্কতা জারি করেছিল।
ঘূর্ণিঝড় কানটন শহর অতিক্রমের কয়েক মিনিট পর এনডব্লিউএস কর্তৃপক্ষ সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর দেয়।
অন্যান্য রাজ্যগুলোতে ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় ৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে আরকান’স তে ৪ জন, মিসিসিপিতে দুইজন, টেনেসিতে একজন এবং মিসৌরিতে অন্তত দুইজন নিহত হয়েছে।
