তুরস্কে নতুন করে আরও ১ হাজার জন গ্রেপ্তার
তুরস্কে গতবছরের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত সন্দেহে নতুন করে এক হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও প্রায় দুই হাজার ২০০ জনকে খোঁজা হচ্ছে।
তুর্কি কর্তৃপক্ষের দাবি, পুলিশ বাহিনীর মধ্যে থেকে তারা গোপন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান মনে করেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারীরা তাকে ক্ষমতাচ্যুত করতে জুলাইয়ে অভ্যুত্থান করেছিল।
ব্যর্থ ওই অভ্যুত্থানকে পুঁজি করে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেন এরদোয়ান।
সংবিধান সংস্কার প্রশ্নে এ মাসের শুরুতে গণভোটে সামান্য ব্যবধানে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় আসে।
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু বলেন, “এখন পর্যন্ত ৭২টি প্রদেশে অভিযান চালিয়ে গুলেনের সঙ্গে জড়িত ১০০৯ জন গোপন ইমামকে আটক করেছে পুলিশ।”
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশ দেশজুড়ে ৩২২৪ জনের একটি তালিকা প্রস্তুত করেছে। এক ইস্তাম্বুলেই সন্দেহভাজন হিসেবে ৩৯০ জনকে খোঁজা হচ্ছে।
ব্যর্থ অভ্যুত্থানের পর এখন পর্যন্ত এ ঘটনায় ২৪৯ জনের মৃত্যু হয়েছে।
বুধবারের আগ পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ১০ হাজার ৭০০ জন পুলিশ এবং সাত হাজার ৪০০ জন সেনা সদস্য।
চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ।
এরদোয়ান সরকারের এ দমনমূলক ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্ব উদ্বেগ প্রকাশ করেছে।
