চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের নারী ব্যবসায়ীর কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের এক নারী ব্যবসায়ীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে চীনের আদালত।
স্যান্ডি ফান-গিলিস নামের এ নারীকে বিতাড়িত করারও নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসি জানায়, নাননিং এর একটি আদালত ফান-গিলিসকে কারাদণ্ড দিয়েছে। তবে তাকে কারাভোগ করতে হবে কিনা সে বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি।
ফান-গিলিসের আইনজীবী আশা করছেন, তাকে কারাগারে যেতে হবে না, বরং শিগগিরই তিনি চীন ত্যাগের অনুমতি পাবেন।
২০১৫ সালের মার্চে একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে টেক্সাস থেকে চীনে যাওয়ার পর ফান-গিলিসকে গ্রেপ্তার করা হয়।
বিচার প্রক্রিয়ায় এরই মধ্যে দুই বছরের বেশি সময় ধরে তাকে আটকে রাখা হয়েছে। তার পরিবার বরাবরই তিনি নির্দোষ বলে দাবি করে আসছে।
চীনা বংশোদ্ভূত হলেও ফান-গিলিসের জন্ম ভিয়েতনামে। তার পরিবার টেক্সাসের হিউস্টনে থাকে।
যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ফান-গিলিসের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের ‘উচ্চ পর্যায়’ থেকে চীন সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
‘রাষ্ট্রীয় গোপনীয়তা’ জড়িত থাকায় ফান-গিলিসের মামলা নিয়ে খুব কম তথ্যই প্রকাশ পেয়েছে।
তবে তার স্বামী জেফ গিলিস বলেন, ‘খুবই অবাস্তব’ অভিযোগের ভিত্তিতে তার স্ত্রীকে আটক করা হয়েছে।
“তাদের দাবি, গুপ্তচরবৃত্তির জন্য আমার স্ত্রী ১৯৯৬ সালে নাননিং যান। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্র ফিরে আসেন এবং ১৯৯৭-৯৮ সালের মধ্যে এফবিআই এর চীনা গুপ্তচর হিসেবে নিয়োগ পান।”
“অথচ তার পাসপোর্ট দেখে স্পষ্ট বোঝা যায়, তিনি ১৯৯৬ সালে চীনে যাননি।”
ফান-গিলিসের দাবি, “তিনি কোনও ধরনের অন্যায় কাজের সঙ্গে যুক্ত নন। অপরাধমূলক কারণে নয় বরং রাজনৈতিক কারণে তাকে আটক করা হয়েছে।”
