মালয়েশিয়ায় প্রায় তিনশ’ উত্তর কোরীয়র আত্মসমর্পণ
উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য নতুন করে ভিসার নিয়ম কার্যকর করার পর গত সপ্তাহে ২৯৬ জন উত্তর কোরীয় মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে।
মালয়েশিয়ার অভিবাসন অধিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, যারা আত্মসমর্পণ করেছে তাদের সবারই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের মধ্যে ১১৩ জন কাজের অনুমতি নিয়ে এবং ১৮৩ জন স্বজনদের সঙ্গে দেখা করতে মালয়েশিয়ায় গিয়েছিলেন।
অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, “আত্মসমর্পণ করা উত্তর কোরিয়ার ২৯৬ জন নাগরিককে ধাপে ধাপে মালয়েশিয়া ছাড়বেন বা ছাড়তে হবে।” এদের সবাই বর্নেও প্রদেশে সারাওয়াক এলাকায় ছিলেন।
আগে উত্তর কোরিয়ার নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হত না।
কিন্তু গত ১৩ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-ন্যামকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দরে বিষাক্ত রাসায়নিক দিয়ে হত্যা করাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
মালয়েশিয়া তারপর উত্তর কোরিয়ার নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বাতিল করে।
অভিবাসন অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, এখনও ভিসার মেয়াদ শেষ হওয়া উত্তর কোরিয়ার চারজন নাগরিক আত্মসমর্পণ করেননি। তবে তাদের নিয়োগদাতারা বলেছেন, তারা তাদের কর্মীদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।
উত্তর কোরিয়ার রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ আসে বিদেশে অবস্থান করা শ্রমিকদের আয় থেকে।
যদিও জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে বিদেশে কাজের সুযোগ অনেক সংকুচিত হয়ে গেছে।
