২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা ব্যবস্থা পরিবর্তনের চেষ্টায় ট্রাম্প

উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে আনতে দেশটির অস্থায়ী ভিসা ব্যবস্থায় পরিবর্তনের দিকনির্দেশনা দিয়ে নতুন একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2017, 09:55 PM

Updated : 11 Apr 2022, 11:25 PM

ট্রাম্প প্রশাসনের দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, সরকারি প্রতিষ্ঠানের ক্রয় প্রক্রিয়ায় পরিবর্তনের জন্য ট্রাম্প ‘আমেরিকা থেকে কিনুন এবং আমেরিকানদের নিয়োগ দিন’ ব্যবস্থা প্রচলন করতে চাইছেন। এর মাধ্যমে তিনি দেশে মার্কিন পণ্যের ক্রয় বাড়াতে চাইছেন।

নির্বাচনী প্রচারের সময় থেকে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময়ও ‘আমেরিকাকে সর্বাগ্রে’ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

ওই প্রতিশ্রুতি পূরণে তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির সংস্কার এবং মার্কিন পণ্য বেশি করে কিনতে উৎসাহ দিয়ে বিভিন্ন নীতি গ্রহণ করছেন।

মঙ্গলবার নতুন যে নির্বাহী আদেশে ট্রাম্প স্বাক্ষর করতে যাচ্ছেন সে সম্পর্কে ওই কর্মকর্তাদের একজন বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার যে আদেশে সই করতে যাচ্ছেন সেটার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কর্মীদের জন্য সুনির্দিষ্টভাবে উচ্চ বেতন এবং উচ্চ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে শ্রমিক প্রবেশের যে সব আইন প্রচলিত রয়েছে সেগুলোর কঠোর বাস্তবায়নের ব্যবস্থা করা হবে।”

যারা যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার সঙ্গে ‘প্রতারণা ও এর অপব্যবহার’ করে তাদের খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রম বিভাগ, বিচার বিভাগ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র বিভাগকে ডাকা হবে বলেও জানান তিনি।

“ওই চারটি বিভাগকে বিদেশ থেকে সবচেয়ে দক্ষ এবং সৎ প্রার্থীদের এইচ-ওয়ানবি ভিসা দেওয়ার নির্দেশনা দেওয়া হবে।”

বিদেশ থেকে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের যুক্তরাষ্ট্রে আনতে তাদের এইচ-ওয়ানবি ভিসা দেওয়া হয়। যদিও ট্রাম্পের অভিবাসন নীতির কারণে এবছর এইচ-ওয়ানবি ভিসার আবেদন কম জমা পড়েছে। এবছর এক লাখ ৯৯ হাজার আবেদন জমা পড়েছে। গত বছর এই সংখ্যা ছিল দুই লাখ ৩৬ হাজার।