২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার পাতাল রেলে হামলায় ‘কেবল নির্দেশ মানা হয়েছে’

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে পাতাল রেলে বোমা হামলার পরিকল্পনা করা নয় ‘কেবল নির্দেশ মেনে চলেছেন’ বলে জানিয়েছেন ওই ঘটনায় রোববার গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2017, 08:06 PM

Updated : 11 Apr 2022, 11:25 PM

বিবিসি জানায়, ওই ব্যক্তির নাম আব্রর আজিমভ। জন্ম ১৯৯০ সালে। এসেছেন কিরগিজস্তান থেকে।

পাতাল রেলে বোমা বিস্ফোরল ঘটানোর পরিকল্পনা করার কথা তিনি ‘পুরোপুরিভাবে স্বীকার করেছেন’ বলে তার আইনজীবী রাশিয়ার গণমাধ্যমকে জানানোর কিছুসময় পরই আজিমভের এ বক্তব্য এল।

কি করছেন তা না বুঝেই কেবল ‘নির্দেশ মেনেছেন’ বলে জানিয়েছেন আজিমভ।

৩ এপ্রিলে সেন্ট পিটার্সবুর্গের পাতাল রেলে ওই হামলায় ১৪ জন নিহত হয়, আহত হয় ৫০ জনের বেশি মানুষ। ২২ বছর বয়সী কিরগিজ বংশোদ্ভূত রুশ নাগরিক আকবরজান জলিলভ দুটো মেট্রো স্টেশনের মাঝে হামলাটি চালান।

এরপর থেকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্রর আজিমভ গ্রেপ্তার হওয়া নবম ব্যক্তি। পুলিশ জলিলভের মোবাইল ফোন ঘেঁটে আজিমভের নাম্বার পায়।

রাশিয়ার নিরাপত্তা বিভাগ এর আগে জানিয়েছিল, তাদের ধারণা, আব্রর আজিমভ ওই হামলার আগে আত্মঘাতী হামলাকারী জঙ্গি জলিলভকে প্রশিক্সণ দিয়েছিলেন।

কিন্তু মঙ্গলবার আদালতে আজিমভ বলেছেন, তিনি হামলার ঘটনায় জড়িত থাকলেও সরাসরি জড়িত নন। হামলার পরিকল্পনা করা কিংবা এর স্বীকারোক্তি দেওয়ার কথাও তিনি অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি কি করছিলাম বুঝতে পারিনি। আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং আমি শুধু তা মেনেছি।”

হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া বাকী ৮ জনের ছয়জনকে ধরা হয়েছে সেন্ট পিটার্সবুর্গ থেকে। আর দুজন গ্রেপ্তার হয়েছে মস্কোয়। তারাও সবাই মধ্য এশীয়।