২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক লাইভের সেই খুনিকে খুঁজছে ৫ অঙ্গরাজ্যের পুলিশ

উদ্দেশ্যবিহীনভাবে গুলি করে একজনকে খুন করার ঘটনার ফুটেজ ফেইসবুক পোস্ট করা এক ব্যক্তিকে খুঁজছে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যের পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2017, 11:49 AM

Updated : 11 Oct 2022, 01:49 PM

ওহাইও, ইন্ডিয়ানা, মিশিগান, নিউ ইয়র্ক ও পেনসিলভ্যানিয়ার বাসিন্দাদের পলাতক ওই খুনির বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে পুলিশ, খবর বিবিসির।  

তদন্তকারীরা জানিয়েছেন, স্টিভ স্টিফেন্স নামের সন্দেহভাজন ওই খুনি যেকোনো জায়গায় থাকতে পারে।

ফেইসবুকে পোস্ট করা আরেকটি ভিডিওতে স্টিফেন্স জানান, তিনি এ পর্যন্ত ১৩ জনকে খুন করেছেন এবং আরো খুন করবেন। 

ক্লিভল্যান্ড পুলিশ বিভাগ তার একটি ছবি প্রকাশ করে জানিয়েছে, কৃষ্ণকায় এই ব্যক্তির বয়স ৩৭ বছর, উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি এবং ওজন ১১০ কেজি।

সোমবার ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, স্টিফেন্সের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে এবং সে সশস্ত্র অবস্থায় আছে।

তার অবস্থান জানাতে সহায়তা করার জন্য ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে ক্লিভল্যান্ডের কর্মকর্তারা। 

রোববার বিকেলে শেষবারের মতো তার মোবাইল ফোনের সিগন্যাল ট্র্যাক করা হয়, সে সময় সে পেনসিলভ্যানিয়ার ইরি এলাকায় ছিল।

এফবিআইয়ের স্পেশাল এজেন্ট স্টিফেন অ্যান্থনি বলেছেন, “খোলাখুলি বললে, বহু জায়গায়ই থাকার সম্ভাবনা আছে তার।”

Image
একটি প্লাস্টিকের ব্যাগ উঁচিয়ে ধরে আত্মরক্ষার চেষ্টা করেছিলেন নিহত গডুইন। ছবি: ফেইসবুক/বিবিসি

একটি প্লাস্টিকের ব্যাগ উঁচিয়ে ধরে আত্মরক্ষার চেষ্টা করেছিলেন নিহত গডুইন। ছবি: ফেইসবুক/বিবিসি

যুক্তরাষ্ট্রের মার্শাল পিটার এলিয়ট জানিয়েছেন, ‘ওই ব্যক্তির সীমানা ছোট করে আনতে’ যুক্তরাষ্ট্রজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো সহায়তা করছে।

তদন্তকারীরা জানিয়েছেন, স্টিফেন্স আরো অনেক খুন করার দাবি করলেও সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রোববার ওহাইওর ক্লিভল্যান্ড শহরে উদ্দেশ্যবিহীনভাবে গুলি করে ৭৪ বছর বয়সী রবার্ট গডুইনকে খুন করে সে।

পুলিশ ঘটনার বিবরণে জানিয়েছে, স্টিফেন্স গডুইনের কাছে গিয়ে বলে, “আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আপনি বলতে পারবেন, জো লেন?”

গডুইন বলেন, “জো লেন।”

এরপর স্টিফেন্স বলে, “হ্যাঁ, এখন আপনার ক্ষেত্রে যা কিছু ঘটতে যাচ্ছে তার কারণ সে। আপনার বয়স কত?”

নয় সন্তানের পিতা ও বেশ কিছু নাতিনাতনির দাদা গডুইন একটি প্লাস্টিকের ব্যাগ উঁচিয়ে নিজেকে রক্ষার করার চেষ্টা করেন, কিন্তু স্টিফেন্সের ছোড়া গুলি তার মাথায় লাগে। 

জো লেন নামের ওই নারী স্টিফেন্সের সাবেক বান্ধবী বলে ধারণা করা হচ্ছে। কয়েক বছর আগে স্টিফেন্সের সঙ্গে তার ‘সম্পর্ক’ ছিল বলে সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন জো লেন।

এক ক্ষুদে বার্তায় এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন লেন। নিহত গডুইনের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

পাশাপাশি স্টিফেন্সকে ‘ভাল মানুষ ও দয়ালু’ বলে বর্ণনা করেন তিনি।

স্টিফেন্সের মা ম্যাগি গ্রিন সিএনএনকে বলেছেন, “বান্ধবীর জন্য পাগল ছিল সে। ওই কারণেই লোকজনকে গুলি করছে সে। তার মা বা তার বান্ধবী তাকে থামতে না বলা পর্যন্ত সে থামবে না।”