২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্কের বিরুদ্ধে অভিযোগ দায়ের

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন কৌঁসুলিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 07:53 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

তারা জানান, পার্কের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কোম্পানি লোটির কাছ থেকে সাতশ’ কোটি উন (কোরীয় মুদ্রা) ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, স্যামসাং কোম্পানির প্রধান লি কে সহায়তা করতে তার কাছ থেকে ২ কোটি ৯৮ লাখ উন ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ঘুষ নেওয়ার এ অভিযোগ ছাড়াও পার্কের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অলাভজনক সংস্থাগুলোকে অনুদান দেওয়ার জন্য বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চাপ দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

পার্কের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে তার ঘনিষ্ঠ বান্ধবী চোই-সুন সিলকে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছেন। তবে পার্ক ও তার বান্ধবী দুইজনই এমন অভিযোগ অস্বীকার করেছেন।

বান্ধবীকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতা ব্যবহারের অভিযোগে গত বছরের শেষ দিকে পার্কের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। গত ডিসেম্বরে পার্ককে অভিশংসনের পক্ষে রায় দেয় পার্লামেন্ট। মার্চে দেশটির সাংবিধানিক আদালত ওই রায় বহাল রাখে।  এর মধ্য দিয়ে চূড়ান্তভাবে ক্ষমতাচ্যুত হন পার্ক। গত ৩১ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়।

পার্ক তার বিরুদ্ধে আনা অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার ১০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

পার্কের অভিশংসনের সিদ্ধান্তের পর থেকে প্রধানমন্ত্রী ওয়াং কিও-আহন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। আগামী ৯ মে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে দেশটির মন্ত্রিসভা।