২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ‘সবচেয়ে বড় বোমা’, পাকিস্তানেও ক্ষয়ক্ষতি

আফগানিস্তানের নানগারহর প্রদেশে যুক্তরাষ্ট্রের ফেলা অপারমাণবিক সবচেয়ে বড় বোমায় সীমান্তের ওপারে পাকিস্তানের কুররাম উপত্যকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2017, 03:42 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

বৃহস্পতিবার নানগারহরের আচিন জেলার পার্বত্য এলাকায় ইসলামিক স্টেটের (আইএস) পার্বত্য ঘাঁটি লক্ষ্য করে ফেলা ওই বোমার ধাক্কায় তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কুররামের স্থানীয় বাসিন্দারা, খবর দ্য ডনের।

হোয়াইট মাউন্টেন নামে পরিচিত স্পিন ঘর পর্বতের পাদদেশের মানানা গ্রামে বেশ কয়েকটি বাড়িতে এবং এলাকার একটি মসজিদ ও এক ইমামবাড়ায় বড় ধরনের ফাটল তৈরি হয়েছে।

তুষার আচ্ছাদিত হোয়াইট মাউন্টেন পাকিস্তানের কুররাম ট্রাইবাল রিজিয়ন ও আফগানিস্তানের নানগারহর প্রদেশের আচিন জেলার মধ্যে একটি প্রাকৃতিক দেয়াল হিসেবে কাজ করে। 

‘মাদার অব অল বোম্বস’ বা এমওএবি নামে পরিচিত যুক্তরাষ্ট্রের ওই একটি বোমায় পাহাড়ি টানেল নেটওয়ার্ক ও সুড়ুঙ্গের মধ্যে অবস্থিত আইএসের পুরো ঘাঁটিটি ধ্বংস হয়ে যায় ও অন্তত ৯০ জন নিহত হয়। 

বোমা হামলার পর ভূমিকম্পে তাদের ঘরবাড়ি কেঁপে উঠেছে বলে জানিয়েছে মালানা গ্রামের বাসিন্দারা।

মালানার বাসিন্দা মুহাম্মদ হাসান বলেন, “আমরা মৃদু ভূমিকম্প অনুভব করেছি, তবে এটি যে বোমা বিস্ফোরণের কারণে হয়েছে তখন বুঝতে পারিনি।”

তাদের এলাকার বেশ কয়েকটি বাড়িতে ও মসজিদে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে বলে জানান তিনি।

নিকটবর্তী জেরান এলাকার বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে।

নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার (৯/১১) পর এই আচিনেরই তোরা বোরা এলাকায় আল কায়েদার পার্বত্য গুহা কমপ্লেক্সে ব্যাপক বোমাবর্ষণ করেছিল যুক্তরাষ্ট্র।

আচিন জেলার গভর্নর এসলামইল শিনওয়ারি জানিয়েছেন, হামলায় আইএস জঙ্গিদের আশ্রয়স্থল তিনটি টানেল সম্পূর্ণ গুড়িয়ে গেছে।

“অন্তত ৯২ জন জঙ্গি নিহত হয়েছে,” বলেন তিনি।

মার্কিন ও আফগান বাহিনী আইএসের ধ্বংস হয়ে যাওয়া ওই ঘাঁটি এলাকাটির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে তিনি। ওই ঘাঁটির চারপাশে প্রচুর মাইন পেতে রাখায় তারা সাবধানে মাইন পরিষ্কার করতে করতে অগ্রসর হচ্ছে বলে জানান।

তবে ওই এলাকায় এখনও কিছু জঙ্গি রয়ে গেছে এবং তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।

“সম্ভবত নিহতদের লাশ নিয়ে যেতে সীমান্তের ওপার (পাকিস্তান) থেকে নতুন জঙ্গিরা এসেছে,” বলেন তিনি।