২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে চিকিৎসকের বিরুদ্ধে মেয়েশিশুদের খতনা করার অভিযোগ

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে ভারতীয়-বংশোদ্ভূত এক নারী চিকিৎসকের বিরুদ্ধে বেআইনিভাবে মেয়েশিশুদের খতনা করার অভিযোগ আনা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2017, 05:07 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

৪৪ বছর বয়সী জুমানা নাগারওয়ালা নামের এ চিকিৎসক ১২ বছর ধরে ৬ থেকে ৮ বছর বয়সী মেয়েদের খতনা বা ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) করে আসছেন বলে জানিয়েছেন কৌঁসুলিরা।

তিনি আদতে ভারতের গুজরাটের বাসিন্দা ছিলেন। তবে কর্মসূত্রে দীর্ঘদিন মিশিগানের ডেট্রয়েটে থাকেন। মিশিগান পুলিশ নাগারওয়ালাকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রে একজন চিকিৎসকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এটিই প্রথম বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানায়, নাগারওয়ালাকে ডেট্রয়েটের ফেডারেল কোর্টে হাজির করা হয়েছে এবং কাস্টডিতে রিমান্ডে নেওয়া হয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা হিসাবে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

যুক্তরাষ্ট্রে ১৯৯৬ সালে নারীর খতনা অবৈধ ঘোষণা করা হয়।

কর্তৃপক্ষ আগে থেকেই গোপন তথ্য পেয়ে নাগারওয়ালার বিরুদ্ধে তদন্ত চালিয়েছিল। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ সপ্তাহের শুরুর দিকে তদন্তকারীদের সঙ্গে এক স্বেচ্ছা সাক্ষাৎকারে নাগারওয়ালা এ ধরনের কোনও কর্মকান্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন।

তবে কৌঁসুলিরা বলছেন, “নিরীহ অনেক মেয়েশিশুর ওপরই তিনি এমন বর্বরোচিত ভয়ানক কাজটি করে গেছেন।”  তিনি মিশিগানের লিভোনিয়ায় একমেডিকেল অফিসে একাজ করতেন। আবার অনেকে খতনা করানোর জন্য অন্য রাজ্য থেকেও তার কাছে আসত এবং তাদেরকে বিষয়টি গোপন রাখতে বলা হত বলে জানানো হয়েছে অভিযোগনামায়।

নারীর খতনা করাকে নিষ্ঠুর ও অমানবিক কাজ হিসেবেই ধরা হয়। যুক্তরাষ্ট্রেও এটি জাতীয় পর্যায়ে একটি অপরাধ হিসাবেই গণ্য বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মার্কিন এটর্নি ড্যানিয়েল লেমিশ।

তিনি বলেন, আধুনিক সমাজে এফজিএম- এর কোনও স্থান নেই। যারা একাজ করে তাদেরকে কেন্দ্রীয় আইনের আওতায় জবাবহিদি করতে হবে।

যুক্তরাষ্ট্রে এর আগে নারীর খতনার আরেকটি ঘটনা সামনে আসে ২০০৬ সালে। সেবার এক  ইথিওপীয় তার ২ বছরের মেয়ের খতনা করেন। সে অপরাধে ওই ব্যক্তির জেলও হয়েছিল।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের ২০১২ সালের পরিসংখ্যান অনুযায়ী, পাঁচ লক্ষাধিক নারী এবং শিশুকন্যার খতনা করা হয়েছে কিংবা খতনা করানোর ঝুঁকিতে আছে।