নেটো-চীন-রাশিয়া-সিরিয়া নিয়ে ট্রাম্পের ইউটার্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার তিন মাসেরও কম সময়ে নেটো, চীন, রাশিয়া এবং সিরিয়া নিয়ে দৃষ্টিভঙ্গি আমূল বদলে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প।
যে নেটোকে একসময় ট্রাম্প বলেছিলেন সেকেলে, এখন সেকথাই পুরো উল্টে দিয়ে তিনি বলছেন, “এ জোট আর সেকেলে নয়!” যে চীনের মুদ্রা অবমূল্যায়ন এবং বাণিজ্য নিয়ে ট্রাম্প বারবার সমালোচনা করেছিলেন, সে চীনের প্রতিই এখন তার মনোভাব উষ্ণ।
অন্যদিকে, রাশিয়ার সঙ্গে ট্রাম্প বরাবরই উষ্ণ সম্পর্ক গড়ার আশা প্রকাশ করে আসলেও এখন সেই রাশিয়ার প্রতিই তার বিরূপ মনোভাব।
হোয়াইট হাউজের এক সংবাদ সম্মেলনে এবং পত্রিকার এক সাক্ষাৎকারে বৈদেশিক নীতি বিষয়ক একাধিক ইস্যুতে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক তিক্ত হচ্ছে। আর চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে।
ওদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভেঙে পড়া দেশের নিয়ন্ত্রণ ধরে রাখার চরম-বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ট্রাম্প প্রশাসন মেনে নিয়েছিল বলে মনে করা হলেও এখন তার প্রতিও ইউটার্ন নিয়েছেন ট্রাম্প। বিশেষ করে ইদলিবের খান শেইখৌন শহরে রাসায়নিক গ্যাস হামলার পর আসাদকে ‘কসাই’ আখ্যা দিয়েছেন তিনি।
আসাদের প্রতি মার্কিন প্রেসিডেন্টের রূঢ় মনোভাবে স্বাভাবিকভাবেই রুষ্ট হচ্ছে সিরিয়া-মিত্র রাশিয়া। আর রাশিয়া সিরিয়াকে অনবরত সমর্থন দিয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে ট্রাম্পের।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারভিযানের সময় ট্রাম্প রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক স্থাপন নিয়ে অনেক আশার কথা শোনালেও সম্প্রতি হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে তিনি একেবারেই ভিন্ন সুরে বলেছেন, “এ মুহূর্তে আমরা আর রাশিয়ার সঙ্গে যাচ্ছি না। রাশিয়ার সঙ্গে সম্পর্কের দিক দিয়ে আমরা এখন সম্ভবত সবচেয়ে খারাপ সময় পার করছি।”
চীন নিয়ে আরেক বৈপরিত্যের সুরে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেছেন। গত সপ্তাহে ফ্লোরিডায় জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পর ট্রাম্প বলেছেন, পারমাণবিক হুমকি উত্তর কোরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করার ব্যাপারে চীন আন্তরিক।
নেটো প্রসঙ্গেও এমনই প্রশংসার বাণী শুনিয়েছেন ট্রাম্প। বলেছেন, নেটো বিশ্বের নতুন নতুন হুমকিগুলোর সঙ্গে খাপ খাইয়ে উঠতে পারছে।
বুধবার হোয়াইট হাউজে ইস্ট রুমের সংবাদ সম্মেলনে নেটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, “আমি বলেছিলাম নেটো সেকেলে। কিন্তু এটি আর সেকেলে নয়।”
