২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুঁশিয়ারি উপেক্ষা করে ব্যারেল বোমা হামলা সিরিয়ার

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পরও সিরিয়ার হামা প্রদেশে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী ব্যারেল বোমা হামলা করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Apr 2017, 10:21 PM

Updated : 11 Apr 2022, 11:22 PM

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার সিরিয়ার সরকারি বাহিনীর বিমান থেকে হামা নগরীর তায়বাত আল-ইমাম এবং সোরান শহরে 'কয়েকটি' ব্যারেল বোমা ফেলা হয়েছে।

মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, ব্যারেল বোমা ব্যবহার করা হলে সিরিয়ায় আবারও হামলা চালানো হবে।

জাতিসংঘের তদন্তেও সিরিয়ার সরকারি বাহিনীর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় নিয়মিত ব্যারেল বোমা ফেলার প্রমাণ পাওয়া গেছে।

যদিও সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, হামার উত্তরে সোরান শহরের কাছে তারা 'জঙ্গি দলের উপর হামলা করেছিল'। তাদের হামলায় 'অনেক' জঙ্গি মারা গেছে এবং তারা চারটি ট্যাঙ্ক, কামান, রকেট-লঞ্চার প্যাডসহ অনেক অস্ত্র ধ্বংস করেছে।

তবে জঙ্গিদের বিরুদ্ধে কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে তারা কিছু জানায়নি।

সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখেৌন শহরে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাসায়নিক হামলার জবাবে গত শুক্রবার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা শায়রাত বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র।