যুক্তরাষ্ট্রকে পারমাণবিক হামলার হুমকি উত্তর কোরিয়ার
কোরীয় উপদ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতির জবাবে 'শাক্তিশালী অস্ত্র দিয়ে' তাদের বিরুদ্ধে লড়াইয়ের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
শক্তি প্রদর্শনের জন্য নৌবাহিনীর একটি ‘স্ট্রাইক গ্রুপ’কে পশ্চিম প্রশান্ত মহাসাগরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়, "এভাবে শক্তি প্রদর্শন আক্রমণ করার বেপরোয়া মনোভাব প্রকাশ করে, যেটি গুরুতর আকার ধারণ করছে।"
পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, "তাদের ভয়ঙ্কর কর্মকাণ্ডের ফলে যে সর্বনাশা পরিণতি হবে তার পুরো দায় আমরা যুক্তরাষ্ট্রকে দেব।"
"যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ করতেই চায় তবে উত্তর কোরিয়া তার জবাব দিতে প্রস্তুত আছে।"
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডার বলেন, ওই অঞ্চলে তারা সবসময়ই প্রস্তুত আছেন সেটি বোঝাতে সেখানে স্ট্রাইক গ্রুপ পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু হামলার যে হুমকি দিচ্ছে তা প্রতিরোধে একাই ব্যবস্থা গ্রহণে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
কার্ল ভিনসন নামের যুক্তরাষ্ট্রের স্ট্রাইক গ্রুপটিতে একই নামের একটি বিমানবাহী রণতরী আছে। রণতরীর এই বহরটি সিঙ্গাপুর থেকে কোরীয় উপদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হতে পারে বলে জানিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
