২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া-রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জি-৭

রাসায়নিক হামলার জবাবে সিরিয়া এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে একমত হতে পারেনি জি-৭ ভুক্ত দেশগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2017, 07:44 PM

Updated : 11 Apr 2022, 11:22 PM

ইতালিতে জি-৭ দেশগুলোর বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা সুনির্দিষ্টভাবে রাশিয়া এবং সিরিয়ার সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্রিটিশ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। যুক্তরাজ্য আশা করেছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের রাশিয়া সফরের আগে নিষেধাজ্ঞার পদক্ষেপ তার অবস্থানকে আরও শক্তিশালী করবে।

কিন্তু সম্মেলনের যৌথ বিবৃতিতে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়নি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী এঞ্জেলিনো আলফানো বলেন, “নতুন করে অতিরিক্ত কোনও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে কোনও মতৈক্য হয়নি।”

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা নিষেধাজ্ঞায় সমর্থন না দিয়ে বরং খান শেইখৌন শহরে রাসায়নিক হামলার ঘটনাটি তদন্তের পক্ষে মত দিয়েছেন। গত সপ্তাহে বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই শহরটিতে রাসায়নিক গ্যাস হামলার জবাবে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, জি-৭ রাশিয়াকে আবারও কোণঠাসা করে ফেলতে চায় না। তারা বরং রাশিয়ার সঙ্গে আলোচনার পথই বেছে নিতে চায় এবং এর মাধ্যমে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চলবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এখন ইতালি থেকে আলোচনার জন্য মস্কো যাচ্ছেন। তিনি জোর দিয়েই বলে আসছেন, সিরিয়ায় আগামী দিনগুলোতে তিনি আর কোনও ভূমিকা পালন করতে পারেন না।

সিরিয়ায় ইদলিবের খান শেইখৌন শহরে রাসায়নিক হামলার পরিপ্রেক্ষিতেই ইতালির লুক্কা শহরে এ সম্মেলন করল জি-৭ ভুক্ত দেশগুলো। ওই হামলায় ৮৯ জন নিহত হয়। সিরিয়া রাসায়নিক হামলা চালানোর কথা অস্বীকার করলেও যুক্তরাষ্ট্র সিরিয়ার সরকারি বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়।

অন্যদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনও ওই রাসায়নিক হামলার জবাবেই রাশিয়া এবং সিরিয়ার সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেন।

মঙ্গলবার জি-৭ বৈঠকের পর এক বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র নির্মূল করতে ব্যর্থতার জন্য রাশিয়াকে দোষারোপ করেন। সেইসঙ্গে শান্তি আলোচনাতেও রাশিয়া অগ্রগতি করতে পারেনি বলে তিনি সমালোচনা করেন। রাশিয়াকে একটি আলটিমেটামও দিয়েছেন টিলারসন।

তিনি বলেছেন, “আসাদ সরকার, ইরান এবং হিজবুল্লার সঙ্গে মিত্রতা রাখা যাবে কিনা সে বিষয়টি রাশিয়াকে অবশ্যই ভেবে দেখতে হবে।”

ওদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার খান শেইখৌন শহরে রাসায়নিক হামলার ঘটনাটি নিরপেক্ষ ভাবে তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সিরিয়া সরকারকে দোষী করার জন্য ‘ভুয়া রাসায়নিক হামলার’ প্রস্তুতি চলছে বলে শুনেছেন তিনি।