২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় সেনাঘাঁটির বাইরে গাড়িবোমায় নিহত ১৫

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি সেনাঘাঁটির বাইরে জঙ্গিদল আল শাবাবের গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Apr 2017, 09:59 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

হামলায় ব্যবহৃত মিনিবাসটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মোগাদিশুর সেনাঘাঁটি থেকে বের হওয়া জ্যেষ্ঠ সেনাকর্মকর্তারা রোববারের ওই হামলার লক্ষ্য ছিল।

মাত্র এক সপ্তাহ আগে সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি মোহাম্মদ আল শাবাব যোদ্ধাদের ৬০ দিনের মধ্যে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

সোমালিয়ার সেনাবাহিনীর মেজর হুসাইন নূর রয়টার্সকে বলেন, “হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।”

“হতাহতের প্রকৃত সংখ্যা এখনও আমরা জানতে পারিনি। হামলায় ব্যবহৃত মিনিবাসটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নিহতদের মধ্যে সেনা এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও রয়েছে।”

মোগাদিশু মেয়রের মুখপাত্র বলেন, মৃতদেহগুলো যেভাবে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে তাতে নিহতের প্রকৃত সংখ্যা পাওয়া বেশ কঠিন হবে।

“অনেকে নিহত হয়েছে। কিন্তু আমরা হতাহতের প্রকৃত সংখ্যা বুঝতে পারছি না।”

মেজর নূর বলেন, হামলাকারী গাড়ি নিয়ে সোমালীয় সেনা কমান্ডার আহমেদ মোহাম্মদ জামালিকে বহনকারী বহরে হামলা চালাতে চেয়েছিল। কিন্তু বহরের কাছে পৌঁছাতে পারেনি।

আল শাবাবের পক্ষ থেকেও তাদের হামলার লক্ষ্যবস্তু জামালি ছিল বলে জানানো হয়েছে। তাদের দাবি, তারা জামালির সাতজন দেহরক্ষীকে হত্যা করতে সক্ষম হয়েছে।