২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ও চীনা নৌবাহিনীর পদক্ষেপে জলদস্যু হামলা ব্যর্থ

সামরিক দিক থেকে দুপক্ষের তীব্র দ্বন্দ্ব সত্বেও জলদস্যুদের মোকাবিলায় ভারত ও চীনের নৌবাহিনী একযোগে পদক্ষেপ নিয়ে দুষ্কৃতকারীদের হামলা ব্যর্থ করে দিয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2017, 02:34 PM

Updated : 11 Apr 2022, 11:22 PM

শনিবার দিবাগত রাতে এডেন উপসাগরে একটি বাল্ক ক্যারিয়ার জলদস্যুদের হামলার কবলে পড়লে সেটি রক্ষায় এগিয়ে আসে ভারতীয় ও চীনা নৌবাহিনীর জাহাজ, জানিয়েছে এনডিটিভি। 

ওই রাতে মালয়েশিয়ার কেলাং ও ইয়েমেনের এডেন বন্দরের মধ্যে চলাচলকারী ২১ হাজার টনের ওই মালবাহী জাহাজটিতে হামলা চালায় জলদস্যুরা। মালবাহী জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অর্গানাইজেশন (ইউকেএমটিও) ঘটনার বিষয়ে একটি সতর্ক বার্তা জারি করে।

তাদের বার্তা পেয়ে প্রথম এগিয়ে আসে ভারতীয় নৌবাহিনীর নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র সজ্জিত দুটি যুদ্ধজাহাজ। ওই এলাকার সাগরে থাকা চীনা, ইতালীয় ও পাকিস্তানি নৌবাহিনীর জাহাজও ওই বার্তায় সাড়া দিয়ে এগিয়ে আসে। 

ভারতীয় যুদ্ধজাহাজ দুটি মালবাহী জাহাজটির কাছে গিয়ে সেখানে একটি হেলিকপ্টার পাঠায়। হেলিকপ্টারটি জাহাজটির ক্রুদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে সক্ষম হয়। তাদের পরামর্শে আক্রান্ত জাহাজটির ক্রুরা ‘সিটাডেল’ নামে পরিচিত জাহাজের সুরক্ষিত স্থানে আশ্রয় নেয়।

এ সময় চীনের স্পেশাল ফোর্সও এগিয়ে আসে এবং মালবাহী জাহাজটিতে উঠে জলসদ্যুদের জলযানগুলো মোকাবিলার জন্য অবস্থান নেয়। তবে এরপর কোনো জলদস্যু বা তাদের জলযানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এতে ইঙ্গিত পাওয়া যায়, দুই প্রতিবেশী দেশের নিরাপত্তা বাহিনীর তৎপরতায় কারণে জলদস্যুরা ওই এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। 

জলদস্যু-বিরোধী এই অভিযানে অংশ নেওয়ার জন্য চীনা নৌবাহিনী ভারতীয় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।