২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলার পরিণতি গুরুতর হবে: রাশিয়া

সিরিয়ায় একটি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পরিণতি ‘অত্যন্ত গুরুতর’ হবে বলে সতর্ক করেছে রাশিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Apr 2017, 07:15 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির সাফরনকভ বলেন, “আমরা (সিরিয়ায়) যুক্তরাষ্ট্রের অবৈধ হামলার কঠোর নিন্দা জানাচ্ছি। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় এ হামলার পরিণতি অত্যন্ত গুরুতর হবে।”

স্থানীয় সময় শুক্রবার ভোররাত ৪টা ৪০ মিনিটে ভূমধ্যসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্র নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ থেকে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের শায়রাত বিমান ঘাঁটিতে ৫৯টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হামলার নির্দেশ দেন।

হামলার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সিরিয়ার শায়রাত বিমানঘাঁটি থেকেই মঙ্গলবার ইদলিব প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত খান শেইখৌন শহরে রাসায়নিক হামলা চালানো হয়েছিল এবং তার জবাব দিতেই তিনিই ক্ষেপণাস্ত্র ছোড়ার নির্দেশ দিয়েছেন।

যদিও সিরিয়ার সেনাবাহিনী খান শেইখৌনে রাসায়নিক হামলা চালানোর কথা অস্বীকার করেছে।  

জানুয়ারিতে শপথ গ্রহণের পর এটাই বৈদেশিক বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বড় কোনো সিদ্ধান্ত।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্কে চিড় ধরেছে।

সিরিয়ায় ছয় বছরের গৃহযুদ্ধে রাশিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়ে আসছে এবং আসাদের হয়ে রুশ সেনারা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে।

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের ওই হামলায় আর একটু হলেই রাশিয়ার সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যেত।

যদিও হামলা চালানোর আগেই বিমানঘাঁটিতে থাকা রাশিয়ার সেনাদের সরে যেতে বলেছিল যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস এক বিবৃতিতে জানান, হামলার আগে তারা ওই বিমানঘাঁটিতে থাকা রাশিয়ান সেনাদের সরে যেতে বলেছে।

ভূউপগ্রহের ছবি অনুযায়ী, শায়রাত বিমানঘাঁটিতে রাশিয়ার বিশেষ বাহিনী এবং হেলিকপ্টারগুলো ছিল।

এদিকে বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে রাশিয়ার প্রতিক্রিয়ার যুক্তরাষ্ট্র ‘হতাশা’ প্রকাশ করলেও তারা ‘বিস্মিত নয়’ বলে জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, “রাশিয়ার প্রতিক্রিয়ায় আমি হতাশ। এতে আসাদ সরকারের প্রতি তাদের অব্যাহত সমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আর প্রকৃতপক্ষে তারা এমন এক সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে যারা তাদের নিজেদের জনগণের ওপর এ ধরনের ভয়ঙ্কর হামলা চালিয়ে থাকে।

“তাই এটি বেশ হতাশাজনক, কিন্তু দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, এতে বিস্মিত হওয়ার কিছু নেই।”

যুক্তরাষ্ট্রের এই হামলার পর সিরিয়ার আকাশ প্রতিরক্ষা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো।

এর পাশাপাশি সিরিয়ার আকাশে দুটি দেশের যুদ্ধবিমানের সংঘর্ষ এড়াতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় গৃহীত সরাসরি আলোচনার পথও বন্ধ করে দিয়েছে মস্কো।

পুরনো খবর:

সিরিয়ায় বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা
সিরিয়ার ঘাঁটিতে ট্রাম্পের বিমান হানার নিন্দায় রাশিয়া-ইরান