২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার ঘাঁটিতে ট্রাম্পের বিমান হানার নিন্দায় রাশিয়া-ইরান

হোমস নগরীর কাছে সিরিয়ার সরকারি বাহিনীর একটি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া এবং ইরান। অন্যদিকে, এ হামলাকে সমর্থন দিয়েছে অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং তুরস্ক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 07:50 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

সিরিয়ার ইদলিবে রাসায়নিক গ্যাস হামলার জবাবে সরাসরি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আক্রমণ শানানোর আদেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আদেশেই সিরিয়ার বিমান ঘাঁটিতে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় এ মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে ‘সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন’ বলে অভিহিত করেছেন। ওদিকে, ইরান এ হামলাকে ‘ধ্বংসাত্মক এবং বিপজ্জনক’ বলে নিন্দা করেছে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আইএসএনএ বার্তা সংস্থা একথা জানিয়েছে।

মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আইএসএনএ জানায়, “ইরান তীব্রভাবে এ ধরনের একতরফা হামলার নিন্দা জানাচ্ছে...এ পদক্ষেপ সিরিয়ায় সন্ত্রাসীদের শক্তিশালী করবে..এবং সিরিয়া ও এ অঞ্চলের পরিস্থিতি জটিল হয়ে উঠবে।”

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় দুটো মার্কিন যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন, এ হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এতে রাশিয়া-আমেরিকার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

পশ্চিমা দেশগুলো ইদলিবে রাসায়নিক হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করেছে। কিন্তু রাশিয়া বলছে, তারা বিশ্বাস করে না যে, সিরিয়া কোনও রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরকারব্যবস্থা পরিবর্তনের অজুহাত খোঁজার অভিযোগ করেছেন।

ওদিকে, সিরিয়ার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে সমর্থন দিয়েছে ব্রিটেন। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের এ হামলা সিরিয়া সরকারের বর্বর রাসায়নিক হামলার সমুচিত জবাব। আগামীতে এ ধরনের হামলা ঠেকানোর উদ্দেশেই এ পদক্ষেপ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা এই গুরুত্বপূর্ণ বার্তাই দিচ্ছে যে, বিশ্বের দেশগুলো রাসায়নিক অস্ত্রের ব্যবহার মেনে নেবে না। তিনি সিরিয়ায় শান্তি নিশ্চিত করতে রাশিয়াকে আরও বেশিকিছু করার আহ্বান জানান।

তুরস্কও মার্কিন হামলাকে ইতিবাচকভাবে দেখছে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও সিরিয়া সরকারের বর্বরতার বিরুদ্ধে তাদের অবস্থানে অটল থাকা উচিত বলে তুরস্ক মনে করে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া এবং ইরানকে বুঝতে হবে যে, আসাদকে সমর্থন করার কোনও মানে হয় না এবং সিরিয়ায় মার্কিন সামরিক হামলা ‘অপরাধী সরকারব্যবস্থার’ বিরুদ্ধে একটি সতর্কবার্তা।