২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টকহোম হামলায় গ্রেপ্তার ব্যক্তি ‘ট্রাকটির সন্দেহভাজন চালক’

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি ব্যস্ত বিপণীবিতান এলাকায় ট্রাক নিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার এক ব্যক্তিকে ঘাতক ট্রাকটির চালক বলে সন্দেহ করছে সুইডেন পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Apr 2017, 04:08 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

শুক্রবার ভিড়ের মধ্য দিয়ে ট্রাক চালিয়ে চার জনকে হত্যা ও ১৫ জনকে আহত করার পর পালিয়ে গিয়েছিল ওই ট্রাকটির চালক।

এ হামলা সঙ্গে জড়িত সন্দেহে ধূসর হুডি পরা এক ব্যক্তির ছবি প্রকাশের পর স্টকহোমের উত্তরাংশ থেকে শুক্রবার একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ব্যক্তিই ওই ট্রাক দিয়ে চালানো হামলার সন্দেহভাজন চালক বলে শনিবার জানিয়েছে পুলিশ।

পুলিশের মুখপাত্র লারস বাইস্ট্রম বলেন, “সন্দেহভাজনকে অভিযুক্ত চালক হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে জড়িত আরো কেউ থাকতে পারে, তবে এই মূহুর্তে আমাদের তা জানা নেই।”

সুইডেনের রাষ্ট্রীয় ব্রডকাস্টার এসভিটির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকা দ্বিতীয় আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের সূত্রগুলো। তবে দ্বিতীয় আরেকজনকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি।

ছিনতাই করা বিয়ার বহনকারী একটি ট্রাক দিয়ে স্টকহোমের ড্রনিংয়েটেনে (কুইন স্ট্রিটে) হামলাটি চালানো হয়।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা মনে করা হচ্ছে বলে জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। ঘটনার পর সুইডেন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।