এনএসসি থেকে স্টিভ ব্যাননকে সরালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) থেকে তার চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যাননকে অপসারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জানুয়ারিতে তাকে এ পদে নিয়োগ দেওয়া নিয়ে বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছিল। হোয়াইট হাউসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন, কোনও ক্ষমতার দ্বন্দ্বের কারণে তাকে সরানো হয়নি।
তিনি বলেন, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের ওপর নজর রাখার জন্য ব্যাননকে এনএসসিতে নিয়োগ দেওয়া হয়েছিল।রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে চাপের মুখে ফেব্রুয়ারিতে ওই পদ ছাড়তে বাধ্য হন ফ্লিন।
জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ে প্রধানত এনএসসি থেকেই পরামর্শ পান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
সমালোচকরা ব্যাননকে একজন শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী এবং ডানপন্থি বর্ণবিদ্বেষী বলে অভিযোগ করে থাকেন।
