ডোনাল্ড ট্রাম্পকে ‘আহাম্মক’ বলল আইএস
যুক্তরাষ্ট্র ‘একজন আহাম্মকের শাসনে’ পরিচালিত হচ্ছে এবং দেশটি ‘ডুবে যাচ্ছে’ বলে মন্তব্য করেছে ইসলামিক স্টেট (আইএস)।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তার সম্পর্কে এটিই আইএস এর প্রথম প্রকাশ্য মন্তব্য। ম্যাসেজিং নেটওয়ার্ক টেলিগ্রামে মঙ্গলবার এ সংক্রান্ত একটি অডিও প্রকাশ পায়।
এতে আইএস মুখপাত্র আবি আল-হাসান আল-মুহাজের বলেন, “আমেরিকা তোমরা ডুবতে বসেছ। তোমাদেরকে বাঁচানোর কেউ নেই। তোমরা পৃথিবীর সব অংশে খেলাফতের সেনাদের শিকারে পরিণত হয়েছ, তোমরা দেউলিয়া হবে এবং তোমাদের মরণ ঘনিয়ে এসেছে এবং সবাই নিজ চোখে তার প্রমাণ দেখতে পাবে।”
“তোমরা একজন নির্বোধের শাসনে পরিচালিত হচ্ছ, যে সিরিয়া বা ইরাক বা ইসলাম সম্পর্কে কিছুই জানে না। এর চেয়ে বাস্তব প্রমাণ আর কি হতে পারে।”
নির্বাচনী প্রচারের শুরু থেকেই আইএস’ কে সমূলে উৎপাটন করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট হওয়ার পরও তিনি আইএস’কে ধ্বংস করার কথা বলেছেন।
শক্ত দুই ঘাঁটি ইরাকের মসুল এবং সিরিয়ার রাক্কা থেকে আইএস-কে হটিয়ে দিতে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী।
এরই মধ্যে মসুল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে আইএস।
