সিরিয়ায় গ্যাস হামলা নিয়ে রাশিয়া-পশ্চিমা বিরোধ
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে রাসায়নিক গ্যাস হামলা নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরোধ সৃষ্টি হয়েছে।
ইদলিবের খান শেইখৌন শহরে রাসায়নিক গ্যাস হামলার জন্য রাশিয়া বিদ্রোহীরকে দায়ী করেছে। তারা বলছে, বিদ্রোহীদের অস্ত্র থেকে ছড়িয়েছে রাসায়নিক গ্যাস। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেছে, সিরীয় বিমান থেকে বিদ্রোহীদের অস্ত্রগুদামে হামলার পর ওই গুদামে থাকা বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে।
কিন্তু রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ রাসায়নিক হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সশস্ত্র বাহিনীকেই দায়ী করেছে। তারা বলছে, সিরিয়ার বিমান থেকেই সারিন গ্যাস হামলা চালানো হয়েছে।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী, একজন বিদ্রোহী কমান্ডার এমনকি একজন অস্ত্র বিশেষজ্ঞও বলেছেন, তথ্যপ্রমাণ থেকে এ আলামতই পাওয়া যাচ্ছে যে, সিরিয়ার সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। আর রাশিয়া আসাদের পক্ষ নিয়ে কথা বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক সংঘাতের পট প্রস্তুত করেছে।
যা ঘটেছে:
মঙ্গলবারের রাসায়নিক হামলার পর খান শেইখৌন শহরের ফুটেজে অনেক শিশুসহ আরও মানুষের দম বন্ধ হয়ে যাওয়া এবং মুখ দিয়ে ফেনা উঠতে দেখা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন এক নারী গ্যাস আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তিনি যে সমস্ত উপসর্গগুলোর কথা বলেছেন সেগুলো রাসায়নিক হামলার শিকার হওয়ারই ইঙ্গিত দেয়।
ওই নারী বলেন, “আমাদের উপর গ্যাস হামলা চালানো হয়েছে। আমরা দাঁড়াতে পারছিলাম না। আমার মাথ ঘুরছিল এবং অসুস্থ বোধ করছিলাম। আমার শ্বাস কষ্ট শুরু হয়। আমি নিশ্বাস নিতে পারছিলাম না।”
আরও কয়েকজনের উপসর্গও নার্ভ এজেন্টে আক্রান্ত হওয়ার ইঙ্গিত দেয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
রাশিয়া যা বলছে:
রাশিয়া সিরিয়ার ইদলিবের খান শেইখৌন শহরে সরকারি বাহিনীর বিমান হামলার কথা স্বীকার করলেও বলেছে, সন্ত্রাসীদের অস্ত্রগুদামে হামলা থেকে রাসায়নিক গ্যাস ছড়িয়েছে।
ইউটিউবে প্রকাশ করা এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কনশেঙ্ককভ বলেন, “গতকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ থেকে সাড়ে ১২টার মধ্যে সিরীয় বিমান থেকে জঙ্গিদের একটি অস্ত্র গুদামে হামলা চালানো হয়। খান শেইখৌনের ওই গুদামে সামরিক যন্ত্রপাতিও ছিল। সেখানে রাসায়নিক অস্ত্র উৎপাদন করা হত এবং ইরাকি জঙ্গিদের ব্যবহারের জন্য বিষাক্ত পদার্থ সেখানে মজুদ ছিল।”
“সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে খান শেইখৌনে হতাহতদের মধ্যে যে উপসর্গ দেখা যাচ্ছে, গত বছর আলেপ্পোতে রাসায়নিক হামলার শিকারদের মধ্যেও একই উপসর্গ দেখা গিয়েছিল।”
রাশিয়ার বিবৃতির সমালোচকরা বলছেন, রুশ প্রতিরক্ষা মুখপাত্র বিমান হামলার যে সময় উল্লেখ করেছেন তার কয়েক ঘণ্টা আগেই গ্যাস ছড়িয়ে পড়ার খবর এসেছে।
পশ্চিমা ও অন্যান্যদের প্রতিক্রিয়া
রাশিয়ার বিবৃতি পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, “আমি যে সব প্রমাণ দেখেছি সেগুলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের তার নিজের জনগণের প্রতি অবৈধ অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে।”
সিরীয় বিদ্রোহী দল ফ্রি ইদলিব আর্মি রিবেল গ্রুপ এর কমান্ডার হাসান হাজ আলি রাশিয়ার বিবৃতিকে ‘মিথ্যা’ বলে বর্ণনা করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “সবাই সিরীয় বিমান থেকে গ্যাস বোমা ফেলতে দেখেছে।”
রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ কর্নেল হামিশ দে ব্রেটন-গরডন বিবিসি’কে বলেন, রাসায়নিক হামলা নিয়ে রাশিয়ার ব্যাখ্যা ‘খুবই কল্পনাপ্রসূত’।
“অস্ত্র তৈরির গুদামে বোমা হামলার কারণে সেরিনের মত নার্ভ বিধ্বংসী গ্যাস ছড়িয়ে পড়ার ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়।”
স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে বিবিসি জানায়, খান শেইখৌন শহরে বিদ্রোহী সেনাদের কোনো ঘাঁটি নেই। শহরটি ঘিরে থাকা বিদ্রোহীদের কয়েকটি দল সেটি নিয়ন্ত্রণ করে।
সিরিয়া সম্মেলন ব্যাহত:
ওই ঘটনার পর ব্রাসেলসে ৭০টি দাতা দেশের সিরিয়ায় ত্রাণ পাঠনোর বিষয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল তা অনিশ্চিত হয়ে পড়েছে।
হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়া বিষয়ে বুধবার জরুরি বৈঠকে বসেছে।
নিহতের সংখ্যা বেড়েছে:
খান শেইখৌন শহরে রাসায়নিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। নিহতদের মধ্যে ২০ টি শিশু রয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, শহরে শিশুসহ বহু মানুষ শ্বাসকষ্টের কারণে ছটফট করছে, কারো কারো মুখ দিয়ে ফেনা উঠছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যেসব ক্লিনিকে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছিল সেগুলো কয়েকটিতে পরে হামলা চালানো হয়।
আহত অনেককে তুরস্ক সীমান্তে অবস্থিত অস্থায়ী চিকিৎসা কেন্দ্রগুলোতেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
