রাশিয়ার মেট্রোয় হামলাকারী ‘কিরগিজ’ তরুণ
রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে পাতাল রেলে বোমা হামলাকারী কিরগিজস্তানের একজন তরুণ। যিনি পরে রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করেন।
কিরগিজস্তানের নিরাপত্তা কর্মকর্তারা সন্দেহভাজন ওই তরুণের নাম আকবরজান জলিলভ বলে জানিয়েছেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ওশে ১৯৯৫ সালে তার জন্ম হয়। রাশিয়ার কর্মকর্তারা তার পরিচয় নিশ্চিত করেছে এবং এ ব্যক্তিই আরেকটি ট্রেন স্টেশনে বোমা ফেলে গিয়েছিল বলে জানিয়েছে।
বিবিসি জানায়, এটি একটি আত্মঘাতী হামলা ছিল বলে ধারণা করছে রাশিয়ার তদন্ত কমিটি।
এক বিবৃতিতে কমিটি বলেছে, বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আলামত পাওয়া যাচ্ছে। কারণ, ট্রেনের তৃতীয় বগিতে এক ব্যক্তির দেহাংশ পাওয়া গেছে।
হামলাকারী উগ্রপন্থি ইসলামি মতধারায় সম্পৃক্ত ছিল এবং ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে হামলায় উদ্বুদ্ধ হয়ে থাকতে পারে বলে মনে করছেন রাশিয়ার আইনপ্রয়োগকারী কর্মকর্তরা।
স্যেশাল মেডিয়া থেকে হামলাকারীর জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে এবং রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, সেন্ট পিটার্সবুর্গের অধিবাসী তরুণ বয়সী জলিলভের ইসলামে আগ্রহ থাকা ছাড়াও পপ সঙ্গীত এবং মার্শাল আর্টে আগ্রহ ছিল। তবে তার সঙ্গে জঙ্গিদের সরাসরি সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, জলিলভ মসজিদে যেতেন তবে ‘উগ্রবাদী’ ছিলেন না বলে জানিয়েছেন তার চাচা এমিনজন জলিলভ।
গত সোমবার দুপুরে সেনায়া প্লোশাড ও টেকনোলজিশেস্কি ইনস্টিটিউট স্টেশনের মাঝামাঝি অংশে মেট্রো টানেলে বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহত এবং আরও অন্তত ৪৯ জন আহত হয়।
ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অস্থায় আরও তিন জনের মৃত্যু হয় বলে মঙ্গলবার সকালে জানান রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী।
রাশিয়ার তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হয়, ট্রেনে যে দেহাংশ পাওয়া গেছে খুব সম্ভবত সেগুলো হামলাকারীর।
কিরগিজস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, “পরবর্তী তদন্তের জন্য কিরগিজ গোয়েন্দা সংস্থা রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে।”
রাশিয়ার তদন্ত কর্মকর্তারা এ বিষয়ে খুব সামান্য তথ্যই প্রকাশ করেছে।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
কিরগিজ পররাষ্ট্রমন্ত্রী এরলান আব্দিলদায়েভের সঙ্গে বৈঠকে রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলেন, “এই হামলা আবারও আমাদের এ শয়তানের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে অগ্রসর হওয়ার গুরুত্ব দেখিয়ে দিল।”
সোমবারের ওই হামলার পর সেন্ট পিটার্সবুর্গে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবুর্গ। হামলার সময় তিনি ওই শহরেই অবস্থান করছিলেন।
সোমবার সন্ধ্যায় তিনি ঘটনাস্থলে যান এবং নিহতদের স্মরণে ফুল দেন।
বিশ্ব নেতারাও এ হামলায় শোক প্রকাশ করে রাশিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে পুতিনকে ঘটনার পেছনে জড়িতদের বিচারের আওতায় আনতে ‘পূর্ণ সহায়তা’ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “উভয় প্রেসিডেন্ট সন্ত্রাসবাদকে দ্রুত এবং অবশ্যই নির্মূল করার বিষয়ে একমত হয়েছেন।”
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এর হামলাকে ‘বর্বরোচিত কাজ’ বলে বর্ণনা করেছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে চিঠিতে প্রেসিডেন্ট পুতিনকে সমাবেদনা জানিয়েছেন।
