২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরীয় জাহাজের নিখোঁজ ২২ নাবিকের আশা ছাড়ছে উরুগুয়ে

দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ‍ডুবে যাওয়া দক্ষিণ কোরিয়ার আকরিকবাহী জাহাজের নিখোঁজ ২২ নাবিককে জীবিত খুঁজে পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Apr 2017, 02:41 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

ওই নাবিকদের খোঁজে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে উরুগুয়ের নৌবাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে।

ঘটনার দুইদিন পর রোববার উরুগুয়ে নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, নিখোঁজ ওই নাবিকদের জীবিত খুঁজে পাওয়ার আশা হারাচ্ছেন তারা।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ওই জাহাজডুবির একদিন পর শনিবার একটি রবারের ডিঙ্গি থেকে জাহাজটির দুই ফিলিপিনো নাবিককে উদ্ধার করা হয়, কিন্তু মহাসাগরের ওই এলাকায় পাওয়া অন্যান্য ডিঙ্গি ও লাইফবোটগুলো খালি ছিল।

“যত বেশি সময় যাচ্ছে, তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই কমে আসছে,” বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন উরুগুয়ে নৌবাহিনীর মুখপাত্র গ্যাস্টন জাউনসোলো।

তিনি জানিয়েছেন, রোববার সকালে ব্রাজিলের একটি উদ্ধারকারী বিমান ওই এলাকার ওপর দিয়ে চক্কর দিয়েছে এবং আর্জেন্টিনার একটি যুদ্ধজাহাজ তল্লাশি অভিযানে যোগ দেয়ার পথে রয়েছে।

জাউনসোলো জানিয়েছেন, শুক্রবার উরুগুয়ের উপকূল থেকে ৩,৭০০ কিলোমিটার দূরে জাহাজটি ডুবে যায়।

নিখোঁজ নাবিকদের মধ্যে ১৪ জন ফিলিপিনো এবং আট জন দক্ষিণ কোরীয়।

দক্ষিণ কোরিয়ার বুসানের পোলারিস শিপিং স্টেলার ডেইজি নামের অতি বৃহৎ ওই আকরিকবাহী জাহাজটির মালিক এবং পরিচালনা কোম্পানি। ব্রাজিল থেকে লোহার আকরিক বোঝাই করে জাহাজটি চীনের পথে রওয়ানা হয়েছিল।

পোলারিসের কাছে পাঠানো শেষ বার্তায় জাহাজটির এক ক্রু সদস্য জানিয়েছিলেন, জাহাজটির বাম পাশের একটি ফুটো দিয়ে পানি প্রবেশ করছে এবং জাহাজটি দ্রুত ডুবে যাচ্ছে।