২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় ভূমিধসে নিহত দুই শতাধিক

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমের পুতুমায়ো প্রদেশে ভূমিধসে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

রয়টার্স

রয়টার্স

Published : 01 Apr 2017, 10:43 PM

Updated : 11 Oct 2022, 01:42 PM

প্রেসিডেন্ট হুয়ান মান্যুয়েল সান্তোস শনিবার দুর্গত এলাকা পরিদর্শনের পর জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

রাতে কয়েক ঘণ্টা ভারি বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর পানি উপচে প্রাদেশিক রাজধানী মোকোয়া শহর প্লাবিত হয়। কাদাপানির তোড়ে বহু ঘরবাড়ি ভেসে যায়, ধসে পড়ে অনেক ঘর। কয়েক ফুট কাদার নিচে চাপা পড়ে গাড়ি।

ভূমিধসে অনেকে নিখোঁজ রয়েছেন, সে সংখ্যা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ওই এলাকার প্রধান হাসপাতালে আহতদের সামলাতে হিমশিম খাওয়ার কথা জানিয়েছেন একজন সেনা কর্মকর্তা।

স্থানীয় গভর্নর সোরেল আরোকা গণমাধ্যমকে বলেন, মাকোয়া পুরোপুরি মাটির নিচে চাপা পড়েছে।

মোকোয়ার মেয়র হোসে আন্তনিও কাস্ত্রো বলেন, “আমরা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।”

তার নিজের বাড়িও ধ্বংস হয়ে গেছে জানিয়ে কাস্ত্রো বলেন, “ছাদ পর্যন্ত কাদা।”

উদ্ধারকর্মীরা বলছেন, বৈরী আবহাওয়া ও ক্ষতিগ্রস্ত স্থাপনার ধ্বংসস্তূপের কারণে তারা ঠিকমত কাজ করতে পারছেন না।